• ট্রেনে খাবার খেয়ে অসুস্থ ২৫ পড়ুয়া, খাবার সরবরাহকারী সংস্থাকে ৫ লক্ষ টাকা জরিমানা IRCTC-র
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • ট্রেনের খাবার নিয়ে ফের গুরুতর অভিযোগ। ট্রেনে দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ২৫ জন পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠার পরে সংশ্লিষ্ট খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ভারতীয় রেলের ক্যাটারিং সংস্থা IRCTC। ওই পরিষেবা প্রদানকারী সংস্থাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রাথমিক তদন্তে খাবারের কারণেই পড়ুয়াদের অসুস্থ হওয়ার বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে IRCTC।

    গত ২৮ অগস্ট ঘটনাটি ঘটেছে মঙ্গল লক্ষদ্বীপ এক্সপ্রেসে (ট্রেন নম্বর 12618)। ওই দিন হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ট্রেনটি ছেড়েছিল। গন্তব্য ছিল কেরালার ত্রিশূর। ওই ট্রেনে একটি দলের মোট ৮০ জন পড়ুয়া ছিলেন। যাত্রাপথেই তাঁদের মধ্যে ২৫ জন সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েন। পেট ব্যথা, মল-বমির সমস্যায় ট্রেন যাত্রা দুর্বিষহ হয়ে ওঠে তাঁদের জন্য।

    পড়ুয়াদের অসুস্থতার খবর পাওয়ার পরে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। রেলের চিকিৎসকরা খান্ডওয়া এবং ভুসাওয়াল স্টেশনে আক্রান্ত পড়ুয়াদের চিকিৎসা করেন। ট্রেনে থাকা IRCTC-র কর্মীরাও পরবর্তী যাত্রাপথে তাঁদের সাহায্য করেন। অসুস্থ পড়ুয়াদের জন্য বিশেষ পথ্য অর্থাৎ খাবারেরও ব্যবস্থা করা হয়।

    ঘটনার পরে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার উদ্যোগ নেয় রেল। ভুসাওয়াল স্টেশনে রেলকর্মীরা খাবারের নমুনা সংগ্রহ করে তা একটি অনুমোদিত পরীক্ষাগারে পাঠান। খাবারে ঠিক কী ধরনের সমস্যা ছিল এবং তার সঙ্গে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার সরাসরি যোগ কতটা, তা নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত এখনও চলছে।

    তবে IRCTC-র তরফে জানানো হয়েছে, একই ব্যাচের খাবার খাওয়া অন্যান্য পড়ুয়া বা যাত্রীদের কাছ থেকে একই ধরনের অসুস্থতার অভিযোগ পাওয়া যায়নি। ফলে ঠিক কোন কারণে ২৫ জন পড়ুয়া অসুস্থ হলেন, তা জানতে পরীক্ষার রিপোর্টের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।

    প্রাথমিক তদন্তে খাবারের কারণেই পড়ুয়াদের অসুস্থ হওয়ার সম্ভাবনা সামনে আসায় সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। IRCTC জানিয়েছে, ঘটনার গুরুত্ব এবং প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    রেলের যাত্রীদের খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও বার্তা দিয়েছে IRCTC। ট্রেনে খাবার পরিবেশনের ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখা এবং যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

  • Link to this news (এই সময়)