• কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, গোরক্ষপুরগামী ইন্ডিগো বিমানে তল্লাশি
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা বিমানবন্দরে দাঁড়ানো যাত্রিবাহী বিমানে বোমাতঙ্ক। শুক্রবার সন্ধ্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা বিমানবন্দর চত্বরে। এ দিন কলকাতা থেকে গোরক্ষপুরগামী একটি বিমানে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, বিমানটি ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে বিমানের শৌচালয়ে একটি চিরকুট মেলে, অভিযোগ সেখানে লেখা ছিল বিমানে বোমা রাখা রয়েছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

    বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, উড়ানের আগে বিমানটি শেষবারের মতো পরীক্ষা করা হচ্ছিল। সেই সময়ে শৌচালয়ে ওই চিরকুট নজরে আসে। চিরকুটের লেখা নজরে আসতেই পাইলট ও বিমানকর্মীরা দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেন।

    দ্রুত পদক্ষেপ করা হয়। বিমানের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় সিআইএসএফ এবং বম্ব স্কোয়াডকে। স্নিফার ডগ নিয়ে নিরাপত্তাকর্মীরা বিমানের ভিতরে তল্লাশি শুরু করেন। বিমানের প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হয়। সূত্রের খবর, এই ঘটনা কে বা কারা ঘটিয়েছেন, তাঁদের খোঁজও করা হচ্ছে। বোমাতঙ্কের জেরে নির্ধারিত সময়ে কলকাতা -গোরক্ষপুর ফ্লাইট উড়তে পারেনি। তল্লাশি এবং নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা করা হচ্ছে। বোমের হুমকি সত্যি নাকি নিছক আতঙ্ক ছড়ানোর জন্য এমন চিরকুট রাখা হয়েছিল, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)