• ছাদ ফেটে পড়ছে জল, কম্পিউটার, দরকারি নথি ঢাকা প্লাস্টিকে, বেহাল দশা সরকারি অফিসে
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • বাড়ির নীচের তলায় সরকারি অফিস। চতুর্দিকে ফাইল, কম্পিউটার, কাগজপত্র। তার মাঝেই ছাদ থেকে টপ টপ করে জল পড়েই চলেছে। দীর্ঘদিন ধরেই বেহাল দশা চুঁচুড়ার শ্রম ও কর্মসংস্থান দপ্তরের অফিসে। বিষয়টি নিয়ে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব।

    চুঁচুড়া বড়বাজার এলাকায় শ্রম ও কর্মসংস্থান দপ্তরের যুগ্ম অধিকর্তার অফিস। বেশ কয়েক বছর ধরে সেই অফিসেরই করুণ অবস্থা। বর্ষা বাড়লে অফিসের মেঝেতে জল জমে যায়। ছাদ ফেটে জল পড়ে। কম্পিউটার, দরকারি নথি ঢাকা রাখা হয় প্লাস্টিকে।

    দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে চলছে সরকারি এই দপ্তর। আরামবাগের সঙ্গে যুগ্ম দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রাণী সেনগুপ্তকে। চলতি বছরের মার্চ মাস থেকে তিনি দায়িত্বে রয়েছেন। চুঁচুড়া আরামবাগ দুই জায়গায় তাঁকে অফিস সামলাতে হয়। অফিসের এই দশা ঠিক করতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছেন জয়েন্ট ডিরেক্টর। বাড়ির মালকিনকেও জানিয়েছেন। কিন্তু হাল ফেরেনি।

    বাড়ির মালকিন সোনালি পাল বলেন, ‘দোতলার ছাদ চাটুর মতো হয়ে আছে। জল জমে থাকছে। তাই জল পড়ছে। আমি বলেছি, ওটা ঠিক করে দেওয়া হবে।’ বাড়ির মালকিন জানান, এই বাড়িতে আরও কয়েটি অফিস ছিল। সেগুলো উঠে গিয়েছে। তবে এখনও চলছে এই সরকারি দপ্তর।

    বিষয়টি নিয়ে বিগত সরকারের উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এলাকার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই অফিস দেখেই বোঝা যাচ্ছে আগের সরকারের আমলে কোনও কাজ হয়নি। ঘরের মধ্যে জল পড়ছে। দেওয়াল স্যাঁতস্যাঁতে। যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট দপ্তর অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করুক।’

  • Link to this news (এই সময়)