• কৌশিকী অমাবস্যায় তারাপীঠে দেবীদর্শনের ইচ্ছে? ভিড় এড়িয়ে অনলাইনেই কাটুন ভিআইপি টিকিট
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে পুজো দেওয়ার নিয়মে বড়সড় বদল। ভক্ত ও দর্শনার্থীদের স্বার্থে বড় পদক্ষেপ নিল স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটি। মা তারার দর্শন ও পুজো দেওয়ার অনেকটা সহজ হতে চলেছে। দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের আদলে তারাপীঠেও চালু হচ্ছে ডিজিটাল কুপন ব্যবস্থা। এবার পুজো দেওয়ার জন্য ঘরে বসেই মোবাইলের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন পুণ্যার্থীরা। রবিবার নতুন অ্যাপের উদ্বোধন করা হবে।

    মন্দির সূত্রে জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর, রবিবার অ্যাপটির উদ্বোধন করা হবে। কী সুবিধা মিলবে এই অ্যাপে? কীভাবে কাজ করবে? জানা যাচ্ছে, প্রথমে পুণ্যার্থীদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নাম ও মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। মোবাইলে আসবে ওটিপি। সেটি দিয়েই অ্যাপে লগ-ইন করতে হবে। তারপর ভিআইপি লাইনের জন্য ৫০০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট বুক করার পর মোবাইলে আসা ডিজিটাল টিকিট মন্দিরের বিশেষ লাইনের কাউন্টারে দেখাতে হবে। তারপরই দর্শনার্থীরা মা তারার দর্শনের সুযোগ পাবেন। ফলে তারাপীঠে পৌঁছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহের ঝক্কি অনেকটাই কমবে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ।

    রামপুরহাট মহকুমা শাসক রাঠোড় অশ্বিন বাবুসিংহ, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি-সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামপুরহাট মহকুমা শাসক রাঠোড় অশ্বিন বাবুসিংহ বলেন,”অ্যাপ তৈরির কাজ প্রায় শেষের দিকে। আগামী ৬ সেপ্টেম্বর পাইলট প্রজেক্ট হিসেবে অ্যাপটির উদ্বোধন করা হবে।” তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানান, “পাইলট প্রজেক্ট হিসেবে রবিবার অ্যাপটি চালু করা হবে। প্রাথমিকভাবে এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন ৫০০টি ভিআইপি লাইনের টিকিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিষেবা সফল হলে ভবিষ্যতে টিকিটের সংখ্যা আরও বাড়ানো হবে। তবে ডিজিটাল ব্যবস্থার পাশাপাশি সকল শ্রেণির পুণ্যার্থীর কথা মাথায় রেখে কাগজের কুপনের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে।” নতুন এই ব্যবস্থার ফলে তারাপীঠে আগত পুণ্যার্থীরা অনেকটাই সুবিধা পাবেন বলে আশাবাদী প্রশাসন।
  • Link to this news (প্রতিদিন)