• তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল পূর্ত কর্মাধ্যক্ষ, বাড়িতে মিলল অস্ত্রভাণ্ডার!
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • ডায়মন্ড হারবার জেলা পুলিশের বড়সড় সাফল্য। উস্তি থানার পুলিশ মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের দাপুটে এক নেতাকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল শাসনকালে নানা সময়ে ঠিকাদার ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে।

    ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন শুক্রবার সাংবাদিকদের জানান, গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা তথা মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ মোল্লা ওরফে বাচ্চুকে। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে মন্দিরবাজার থানা এলাকার বিজয়গঞ্জ বাজার এলাকা থেকে উস্তি থানার পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন ঠিকাদার ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সুপার জানান। এতদিন ওই ব্যক্তি পালিয়ে বেড়াচ্ছিলেন।

    ডায়মন্ড হারবার এসিজেএম আদালত ধৃতকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার হেফাজতে থাকা বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে নাইন এমএম পিস্তল, সেভেন এমএম পিস্তল, ওয়ান শটার রিভলবার, ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা কার্তুজ রয়েছে। পুলিশের সন্দেহ, আরও বেশ কিছু আগ্নেয়াস্ত্র কোনও গোপন জায়গায় মজুত রাখতে পারেন ধৃত ব্যক্তি। সে ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, তোলাবাজির একাধিক ঘটনায় ধৃত তৃণমূল নেতার সঙ্গে জড়িত থাকা বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    তোলাবাজির বিভিন্ন ঘটনায় জড়িত থাকা এই দলটির পিছনে কোনও বড় মাথা রয়েছে বলেও পুলিশের দৃঢ় অনুমান। সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ। তোলাবাজির অভিযোগ ছাড়াও ২০২০ এর ১০ ডিসেম্বর উস্তির শিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলা এবং ২০২১ তে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ধৃত ব্যক্তি জড়িত কিনা তদন্তে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)