• পুজোর রাতে অভিনব ড্রোন শো, কলকাতার আকাশজুড়ে বাংলার সংস্কৃতি ফুটিয়ে তুলবে নবান্ন
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • দুর্গাপুজোয় কলকাতার আকাশে দেখা যাবে অভিনব ড্রোন শো। যেমনটা যোগদিবসে গঙ্গাবক্ষে হয়েছিল, তেমনই পুজোর রাতের আকাশে অভিনব ড্রোন শোয়ের সাক্ষী থাকবে তিলোত্তমা। ৩ হাজার ড্রোনের আলোয় ফুটে উঠবে দুর্গাপুজোর বিভিন্ন দৃশ‌্য। মহালয়া এবং পুজোর আরও দু’টি দিনে থাকছে বিভিন্ন বর্ণ‌্যাঢ‌্য অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি সংগঠন এবং ভারতীয় দূতাবাসগুলিকেও সরাসরি যুক্ত করা হবে উৎসবে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে দুর্গাপুজোয় নানা আয়োজনের প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

    শো-তে ড্রোনের চলাচল, আলো, সঙ্গীত এবং মঞ্চের অনুষ্ঠান- সবকিছুকে একসঙ্গে মিলিয়ে দৃশ্যায়নের পরিকল্পনা রয়েছে। মহালয়ার পাশাপাশি পুজোর আরও দু’টি নির্ধারিত দিনে বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে একটি অনুষ্ঠান অষ্টমীকে কেন্দ্র করে হতে পারে। সেখানে ধুনুচি নাচ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা থাকবে।

    নবান্ন সূত্রে খবর, পুজো উপলক্ষে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও স্থাপত্য আলো দিয়ে সাজানোর পরিকল্পনাও রয়েছে। তবে সরকারি কাঠামোয় কেবলমাত্র স্থাপত্যভিত্তিক আলোকসজ্জা করা যাবে। কোনও বড় স্টেডিয়াম, অডিটোরিয়াম বা অন্য কোনও উপযুক্ত জায়গায় প্রায় চার ঘণ্টার ‘গ্র্যান্ড দুর্গাপুজো কনসার্ট’ আয়োজনের পরিকল্পনা করেছে পর্যটন দপ্তর। সেখানে জনপ্রিয় শিল্পী, সেলিব্রিটি এবং বিভিন্ন সাংস্কৃতিক দল অংশ নেবে। ঢাক ও ধুনুচি নাচের পাশাপাশি ছৌ, ঝুমুর, বাউল, কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, নেপালি সংস্কৃতি, লোকসঙ্গীত এবং সমকালীন শিল্পকলাকেও তুলে ধরা হবে। বাংলার থিম প্যান্ডেল, আচার-অনুষ্ঠান, খাবার, হস্তশিল্প ও তাঁতশিল্পও জায়গা পাবে প্রচারে।
  • Link to this news (প্রতিদিন)