আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল দুই বাংলাদেশি বন্দিকে। শুক্রবার জঙ্গিপুর আদালতে তোলার আগেই পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায় ওই দুই বাংলাদেশি বন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পরে অবশ্য ধাওয়া করে একজনকে ধরে ফেলে পুলিশ। অন্য জনের খোঁজে চলছে তল্লাশি।
গ্রেপ্তার দুই বাংলাদেশি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল মোড় এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে দুই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পুলিশ জানতে পারে তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এর পর আনারুল শেখ এবং মহম্মদ রুবেল শেখ নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আদালত নিয়ে যাওয়ার পথে দৌড়
শুক্রবার জঙ্গিপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের। অভিযোগ,আদালতে পৌঁছনোর আগেই পুলিশের গাড়ি থেকে দু’জন নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। মুহূর্তে এলাকায় হইচই পড়ে যায়। পুলিশ তাঁদের পিছনে ধাওয়া করে। সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও।
পালানোর সময় রঘুনাথগঞ্জ বয়েজ স্কুলের পিছনে একটি ক্লাব সংলগ্ন এলাকায় সঞ্জিত সিংহ নামে এক সাইকেল আরোহীর তৎপরতায় ধরা পড়ে এক জন।
সঞ্জিত জানান, পুলিশের গাড়ি এবং লোকজনের হইচই দেখে তিনি বিষয়টি বুঝতে পারেন। দুই বন্দি দৌড়ে পালানোর সময় তিনি সাইকেল নিয়ে তাঁদের আটকানোর চেষ্টা করেন। প্রথম বার ব্যর্থ হলেও পরে গলির মধ্যে দৌড়ে যাওয়া এক জনকে ধরে ফেলেন তিনি। ধস্তাধস্তির সময় ড্রেনে পড়ে গিয়ে হাতে চোটও পান বলেও দাবি তাঁর।
গাফিলতির তদন্তে পুলিশ
অন্য দিকে, দ্বিতীয় বন্দি বিল লাগোয়া এলাকা দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে পুলিশ ওই এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। আশপাশের গলি, বিলের পাড় এবং সম্ভাব্য পালানোর পথগুলিতেও নজরদারি চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তিকে আদালতে পাঠানোর সময়ই এই ঘটনা ঘটে। এক জনকে পুনরায় গ্রেপ্তার করা গেলেও অন্য জন এখনও অধরা। কী ভাবে পুলিশের গাড়ি থেকে দুই বন্দি নেমে পালানোর সুযোগ পেল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক আধিকারিক। এই ক্ষেত্রে কারোর কোনও গাফিলতি আছে কি না তাও দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।