• নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, সাঁইথিয়া: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে বিজেপির যুব মোর্চার নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানা এলাকায়। ওই এলাকার বাসিন্দা তথা বোলপুরের বিজেপির যুব মোর্চার সাংগঠনিক জেলা সহ–সভাপতির বাড়িতে নাবালিকার মা গৃহ–সহায়িকার কাজ করেন। মায়ের অনুপস্থিতিতে মাঝেমধ্যে নাবালিকাও কাজে যেত। বুধবারও কাজে গিয়েছিল সে। এ দিন ওই বিজেপি নেতা ছাড়া বাড়িতে কেউ ছিলেেন না। সেই সুযোগে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে সাঁইথিয়া থানায় অভিযোগ করা হয়। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। নির্যাতিতার মা বলেন, ‘ঘটনার পর থেকে ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। তাই অভিযোগ দায়ের করতে দেরি হয়ে গিয়েছে। আমি অভিযুক্তের উপযুক্ত শাস্তি চাই।’

    অভিযুক্তের পরিবারের দাবি, রাজনৈতিক আক্রোশে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন ব্লক সভাপতি মহম্মদ ইউনুস বলেন, ‘বিজেপি নারী সুরক্ষা নিয়ে মুখে বড় বড় কথা বলে। আর তাঁদের নেতাদেরই লালসার শিকার হতে হচ্ছে নাবালিকাকে।’

    বোলপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘সামাজিক মাধ্যমে ওই বিষয়ে অবগত হয়েছি। সত্যি–মিথ্যে জানি না। সত্যি হয়ে থাকলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই ওই নেতার নামে নানা দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ তাঁকে দু’বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।’ পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • Link to this news (এই সময়)