• Breaking News: রাস্তার জমা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • রাস্তার জমা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার সকালে মালদার হরিশচন্দ্রপুরের ডারল গ্রামের ঘটনা। অভিযোগ, বর্ষা এলেই হাঁটু সমান জলে ডুবে যায় গ্রামের রাস্তা। বার বার বলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এর পরেই এদিন বিক্ষোভে নামেন গ্রামবাসীরা।

    তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী কেএন নেহরুর বাড়িতে হানা দিল দুর্নীতি দমন শাখা। শনিবার সকালে থিল্লাই নগরে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান অফিসাররা। শুরু হয় তল্লাশি অভিযান। এর মধ্যেই নেহরুর বাড়িতে হাজির হয়েছেন আর এক প্রাক্তন মন্ত্রী আনবিল মহেশ। এই নিয়ে তামিলনাড়ু জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।

    বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো কমপক্ষে ১০ জনের। তাঁদের বেশিরভাগই সেনা বাহিনীর কর্মী। জখম কমবেশি ৬০ জন। পশ্চিম বলিভিয়ার ভিয়াচা শহরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আর্নেস্টো জাস্টিনিয়ানো জানিয়েছেন, সামরিক ঘাঁটির এক জায়গায় বাজি মজুত ছিল। সেখানেই বিস্ফোরণ হয়।

    শিক্ষক দিবসে বিদ্যাসাগরের মূর্তি পড়ে রইল ঝোপের মধ্যে। বারুইপুর মহকুমা শাসকের দপ্তর এবং বারুইপুর পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানের এই ছবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্যানের ভিতরে থাকা বিদ্যাসাগরের মূর্তিটি তার নির্দিষ্ট জায়গা থেকে তুলে পাশের ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শিক্ষক দিবসের দিনেই এমন ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে।

    বিপর্যয়ের পরে ৯ দিন কেটে গিয়েছে। নেপালে এখনও চলছে উদ্ধারকাজ। এর মধ্যেই শুক্রবার রাতে ৫ বছরের শিশু-সহ আরও ৩ ভারতীয়কে উদ্ধার করল সেনা। ত্রিশূলির সুড়ঙ্গেও প্রাণের খোঁজ মিলেছে বলে খবর। উল্লেখ্য, শুক্রবার সকাল পর্যন্ত নেপালে ১২৫৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ৫০৫৩ জন এখনও নিখোঁজ।

    ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ খুব শীঘ্রই হামলা চালাতে পারে আমেরিকা। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখাই অভিযানের লক্ষ্য বলে দাবি তাঁর।

    কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

  • Link to this news (এই সময়)