• ‘চিকেনস নেক’-এ চার লেনের জাতীয় সড়কে ২,০৭৭ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
    দৈনিক স্টেটসম্যান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘চিকেনস নেক’ (Chicken’s neck) বা শিলিগুড়ি করিডরকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। দার্জিলিং জেলার বাগডোগরা থেকে পানিট্যাঙ্কি ও খড়িবাড়ি হয়ে গলগলিয়া পর্যন্ত ৩১.০২ কিলোমিটার দীর্ঘ ৩২৭ নম্বর জাতীয় সড়ককে চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে মোট ২,০৭৭.১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে (Nitin Gadkari)। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকারি (Nitin Gadkari) বৃহস্পতিবার সমাজ মাধ্যমে পোস্ট করে বরাদ্দ হওয়া অর্থের পরিমাণ, কাজের বিস্তারিত তথ্য এবং কৌশলগত দিকগুলি তুলে ধরেন।

    কৌশলগত ও বাণিজ্যিক— দুই দিক থেকেই এই সড়কের গুরুত্ব অত্যন্ত বেশি। চার লেনের রাস্তা তৈরি হলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ হবে। পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও যাতায়াতও সহজ হবে। প্রকল্পে তিনটি বড় সেতু, একটি রড ওভারব্রিজ এবং রাস্তার দু’পাশে আধুনিক পরিষেবা সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে।

    পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বনাঞ্চল সংলগ্ন এই পথে হাতি-সহ বিভিন্ন বন্যপ্রাণীর সঙ্গে যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সমস্যা কমাতে পাঁচটি বিশেষ হাতি চলাচলের ভূগর্ভস্থ পথ তৈরি করা হবে।

    চার লেনের সড়ক চালু হলে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট অনেকটাই কমবে (Chicken’s neck) । বিমানবন্দরমুখী যাত্রীদের যাতায়াতও সহজ হবে। পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালগামী পণ্যবাহী ট্রাকের দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা কমলে সময় ও পরিবহন খরচ বাঁচবে। চা, আনারস, ফল ও শাকসবজির মতো পচনশীল কৃষিপণ্য দ্রুত বড় বাজারে পৌঁছনোর সুযোগ তৈরি হবে।

    দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, এই প্রকল্পে যাতায়াত ও পণ্য পরিবহনে বড় সুবিধা হবে এবং শিলিগুড়ি করিডরের (Chicken’s neck) নিরাপত্তাও আরও শক্তিশালী হবে। পর্যটন মন্ত্রী শংকর ঘোষের মতে, প্রকল্পটি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে নতুন গতি আনবে। শিল্পমহলেরও আশা, এই পরিকাঠামো ভবিষ্যতে উত্তরবঙ্গে শিল্প বিনিয়োগের সুযোগ বাড়াবে।

    দেখুন:
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)