নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ কীভাবে পুরোটা মেটানো যায়, তা নিয়ে আলোচনা করতে আগামী ১২ সেপ্টেম্বর বৈঠক ডাকা হল। রাজ্য অর্থদপ্তরের উদ্যোগে দিল্লিতে ওই বৈঠক হবে। শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার সভাপতিত্বে আগেই একটি মনিটরিং কমিটি গড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সেই কমিটিতে কর্মী সংগঠনের পক্ষে সেভাবে প্রতিনিধিত্ব ছিল না বলে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়। সেই মতো গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট কর্মচারী সংগঠনগুলির পক্ষে যে ১০ জনের নাম অনুমোদন করেছে, তাঁদের নিয়েই হবে এবার কমিটির বৈঠক।
বৈঠকের কথা জানিয়ে কর্মচারী সংগঠনের পক্ষে করুণা নন্দী, ফিরদৌস শামিম, গোপা বিশ্বাস, শ্যামল কুমার মিত্র, বিপুল কুমারদের মতো ১০ জনকেই চিঠি দেওয়া হয়েছে। চিঠি দিয়েছেন রাজ্য অর্থদপ্তরের (ল সেল) ডেপুটি সেক্রেটারি গোপালচন্দ্র পাখিরা। বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় দিল্লিতে বৈঠক। স্থান, পরে জানানো হবে। বৈঠকে কর্মচারীদের প্রতিনিধিরা কী বলবেন, কী তাঁদের প্রস্তাব, তার একটি প্রাথমিক বক্তব্য ৫ সেপ্টেম্বর অর্থাৎ আজকের মধ্যে মনিটরিং কমিটিকে ইমেল করে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আগামী ১২ সেপ্টেম্বর দিল্লির ওই বৈঠক আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় আছে। কেননা, ব্রিকস সম্মেলনের জন্য ১১-১৩ সেপ্টেম্বর দিল্লিতে যাবতীয় সরকারি অফিস বন্ধ থাকবে। পাশাপাশি গতিবিধির উপরেও হবে কড়াকড়ি। ফলে শেষমেশ ডিএ বৈঠকে বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।