• মিষ্টিতে আরশোলা, ফ্রিজে পচা ও নষ্ট খাবার, অবাক আধিকারিকরা
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, হিলি: খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে শুক্রবার বালুরঘাট শহরের বিভিন্ন এলাকার মিষ্টির দোকান, ফাস্টফুডের দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে দপ্তরের আধিকারিকদের সঙ্গে ছিলেন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীরা। তহবাজার, সাড়ে তিন নম্বর মোড়, নারায়ণপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একাধিক দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী, মশলা ও ফ্লেভারিং সামগ্রী পাওয়া যায়। কোথাও ফ্রিজে রাখা ছিল পচা ও নষ্ট খাবার। কোথাও আবার খাদ্যসামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধি। বেশ কিছু নষ্ট ও মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই ফেলে দেওয়া হয়। তহবাজারের দু’টি মিষ্টির দোকানের রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে রীতিমতো চমকে ওঠেন আধিকারিকরা। মিষ্টি তৈরির জায়গায় পোকামাকড়, মাকড়সার জাল এবং মিষ্টির মধ্যেও আরশোলা দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে রান্নাঘর অপরিষ্কার থাকার অভিযোগও ওঠে। পরিস্থিতি দেখে শুক্রবার সন্ধ্যা থেকে দু’দিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ফের পরিদর্শনের পর পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলে জানান আধিকারিকরা। সাড়ে তিন নম্বর মোড়ের একটি ফাস্টফুডের দোকানে মেয়াদোত্তীর্ণ খাবারের পাশাপাশি কয়েকটি ক্যানজাত খাবারে ছত্রাক পাওয়া যায়। 

    নারায়ণপুরের একটি রেস্তোরাঁর স্টোর রুমে ইঁদুরের চলাচল এবং স্টাফদের শৌচাগারের অপরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আধিকারিকরা। 

    খাদ্য সুরক্ষা আধিকারিক নবনীতা মজুমদার বলেন, একাধিক দোকানে খাদ্য সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে গুরুতর অনিয়ম ধরা পড়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
  • Link to this news (বর্তমান)