নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯ সেপ্টেম্বরের পর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল লাগোয়া উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। যে জায়গায় এটি তৈরি হচ্ছে, সেখান থেকে পশ্চিমবঙ্গ উপকূলের দূরত্ব অনেকটাই। বর্ষার মরশুমে এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে যে নিম্নচাপগুলি তৈরি হয়েছে, তার সবক’টি পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা-বাংলাদেশ লাগোয়া এলাকায়। এই প্রথম দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল লাগোয়া এলাকায় কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে। দূরে হলেও এই নিম্নচাপটির কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে কি না, নিশ্চিত করে এখনই বলছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস শুক্রবার জানিয়েছেন, নিম্নচাপটি তৈরি হওয়ার পর এর গতিপ্রকৃতি বিশ্লেষণ করে নিশ্চিতভাবে কিছু বলা যাবে। অনেক সময় নিম্নচাপ সমুদ্রেই গতিপথ পরিবর্তন করে। এবারের নিম্নচাপটি কোন জায়গা দিয়ে উপকূল অতিক্রম করে, তার উপর সবকিছু নির্ভর করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৯ সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তারপর সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে ও উত্তর পশ্চিম অভিমুখে এগবে।
আগামী ৮-৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় আজ, শনিবার ও কাল, রবিবার ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে বেড়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির ওদলাবাড়িতে (৯৩.৪ মিমি)। এই সময় দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি ১২.২ মিমি রেকর্ড হয়েছে মুর্শিদাবাদের আমতলা ও নদীয়ার কৃষ্ণনগরে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, কয়েকদিন পর নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবে। তাই কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি আছে। তাপমাত্রা বাড়লে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আছে।