• তোলাবাজির অভিযোগে মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ধৃত, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ ওরফে বাচ্চু। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার চন্দ্রশেখর বর্ধন। তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর উস্তি থানার একটি দল মন্দিরবাজারের বিজয়গঞ্জ বাজারে অভিযান চালায়। তৃণমূল নেতা তৌফিকের বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ ছিল। অনেকদিন ধরেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জেরায় তিনি বেশ কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র মজুতের কথা স্বীকার করেন। সেসব উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে একটি নাইন এমএম পিস্তল, একটি সেভেন এমএম পিস্তল একটি ওয়ান শটার পিস্তল এবং ন’টি কার্তুজ। পুলিশ সূত্রে খবর, এই তৃণমূল নেতা ও আরও কয়েকজনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। তাঁদেরও ধরা হবে। তবে পুলিশ জানতে পেরেছে, এদের মাথায় অন্য কেউ রয়েছে। পুলিশ সুপার বলেন, তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। ওই ব্যক্তিকেও আমরা তদন্তের আওতায় নিয়ে আসব।
  • Link to this news (বর্তমান)