• হাসপাতালের রান্নাঘরে ঢুকে ক্ষুব্ধ মন্ত্রী
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, কল্যাণী: চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের খাবারের মান ও পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। শুক্রবার সন্ধ্যায় ওই হাসপাতাল পরিদর্শনে গিয়ে রান্নাঘরে ঢুকে ৬৫ জন রোগীর জন্য রান্না হওয়া ডাল ও ডিম দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এদিন সম্প্রীতি মঞ্চে ডেঙ্গি প্রতিরোধ সংক্রান্ত সভা শেষে মন্ত্রী জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে হাসপাতালে যান। জরুরি বিভাগ, মহিলা বিভাগ ও ডেঙ্গি আক্রান্ত রোগীদের ওয়ার্ড ঘুরে দেখেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর রান্নাঘরে গিয়ে খাবারের প্রস্তুতি খতিয়ে দেখেন। মন্ত্রী বলেন, ‘রোগীদের খাবারের জন্য সরকার অর্থ বরাদ্দ বাড়িয়েছে। সেই অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে কি না, তা নজরে রাখা প্রয়োজন।’ ৬৫ জনের জন্য রান্না হচ্ছে বলে জানানো হলেও ডালের পরিমাণ অত্যন্ত কম থাকায় তাঁর সন্দেহ হয়। অন্যদিকে, হাসপাতাল সুপার সর্বানন্দ মধু বলেন, ৬৫ জনের জন্য মাত্র ৬৫০ গ্রাম ডাল সিদ্ধ হচ্ছিল এবং পাশে ৬৫টি ডিম রাখা ছিল। রোগীদের খাবারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
  • Link to this news (বর্তমান)