সাইবার জালিয়াতিতে ফ্রিজ হওয়া টাকা পাইয়ে দেওয়ার নামে আরও ৬ লক্ষ গায়েব! হাওড়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক
বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংকে ফ্রিজ হয়ে যাওয়া টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছ’লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক সুদীপ বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানা। তার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। ধৃত নিজেকে গবেষক হিসাবে পরিচয় দিয়েছিল।
ভবানীপুরের বাসিন্দা এক বৃদ্ধা সাইবার জালিয়াতদের পাল্লায় পড়ে টাকা খোয়ান। তদন্তের স্বার্থে তাঁর ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেয় পুলিশ। যে কারণে লেনদেন করতে পারছিলেন না। ২০২৫ সালের নভেম্বর মাসে ওই মহিলার মেয়ে একটি রেস্তঁরায় খেতে যান। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় সুদীপের। যুবক জানায়, সে গবেষণা করছে। তার সঙ্গে বড়ো বড়ো পুলিশ কর্তা, উকিল, মন্ত্রী ও কাউন্সিলারদের পরিচয় রয়েছে। ওই তরুণীর সঙ্গে কথা বলার পর সে জানায়, পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারে। একথা শোনার পর ভয় পেয়ে যান তরুণী। তিনি সমাধান সূত্র জানতে চাইলে যুবক বলে, সে পরিচিত পুলিশ অফিসার ও মন্ত্রীর সঙ্গে কথা বলবে। তরুণীর বিশ্বাস অর্জন করতে তখনই পরিচিত কয়েকজনকে ফোন করে সুদীপ। ফোনের উলটোদিকে থাকা লোকজন পুলিশ অফিসার ও মন্ত্রী সেজে কথা বলেন ওই তরুণীর সঙ্গে। এরপর ওই যুবক জানায়, অ্যাকাউন্ট খুলতে গেলে টাকা লাগবে। তাতে তরুণী রাজি হলে ধাপে ধাপে ছ’লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। জানুয়ারি পর্যন্ত টাকা নেয় অভিযুক্ত। এরপর আরও টাকা চায় এবং তাঁর মোবাইলে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করে। ছ’মাস পেরিয়ে গেলেও সমস্যার সমাধান না হওয়ায় ওই তরুণী বুঝতে পারেন, ফের প্রতারিত হয়েছেন তিনি। এরপরই তিনি ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রতারণার মামলা রুজু করে। দীর্ঘদিন তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে খবর আসে, সুদীপ হাওড়ার নিশ্চিন্দার বাড়িতে রয়েছে। সেখানে তল্লাশি চালিয়ে তাকে ধরা হয়।