• উত্তরবঙ্গে বহু ট্রেন বাতিল অব্যাহত, শনিবারও বিপর্যস্ত রেল পরিষেবা
    দৈনিক স্টেটসম্যান | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিউ ফরাক্কার কাছে রেললাইনের নীচে ধসের জেরে শনিবারও কার্যত বিপর্যস্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের ট্রেন পরিষেবা। গত ৪০ ঘণ্টায় একগুচ্ছ উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল হয়েছে। এই মেরামতির কাজ এখনও শেষ করা যায়নি। তবে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কাজ শেষের পথে। সুতরাং ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না শনিবারও। তবে কবে ওই লাইনে ট্রেন আবার চলাচল করবে সেটা এখনও স্পষ্ট নয়। রেল আধিকারিকরাও এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। প্রায় একই জায়গায় বারবার ধস নামছে। কারণ সেখানের মাটি আলগা হয়ে গিয়েছে। বালির বস্তা এবং স্টোনচিপ্‌স দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা বলে সূত্রের খবর।

    এই ধসের জেরে শতাব্দী, তেভাগা, তিস্তা-তোর্সা এক্সপ্রেস-সহ বহু ট্রেন বাতিল আছে। এমন মওকায় যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করে মুনাফা লুটছে বিমান এবং বাস পরিষেবা প্রদানকারী সংস্থা। ১৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে বিমানের টিকিট পিছু দাম। বেসরকারি বাসে একটি আসন পেতে যাত্রীদের ৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। এই পরিস্থিতিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি দাবি করেছেন, ধসে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। যদিও কখন থেকে ট্রেন সুনির্দিষ্ট টাইম টেবিল মেনে উত্তরবঙ্গ থেকে আপ-ডাউনে ছুটবে সেটা নিশ্চিত করেননি।

    এই ধসের জেরে শনিবার পদাতিক, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেলের পাশাপাশি বাতিলের তালিকায় রয়েছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হমসফর এক্সপ্রেস, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, যোগবনী-কলকাতা এক্সপ্রেস, কাটিহার-হাওড়া এক্সপ্রেস, রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তাতোর্সা এক্সপ্রেস, মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, নাহারলাগুন-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন, সহর্ষ-শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেস।

    তাছাড়া নাগাড়ে বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে আপ লাইনে বৃহস্পতিবার হঠাৎই রেলের ট্র্যাক কয়েক ফুট বসে যায়। চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় আপ লাইনের একটি দূরপাল্লার ট্রেন। নিউ ফরাক্কা স্টেশনের কেবিন থেকে ধুলিয়ানের দিকে প্রায় ৮০০ মিটার রেলপথ এই ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটির উপরে পাতা রেললাইন একেবারে নীচ থেকেই ক্ষয়ে গিয়েছে। ইঁদুরের গর্তের কারণেই এই বিপত্তি ঘটেছে। তার উপর নাগাড়ে বৃষ্টিতে জল ঢুকে রীতিমতো বসে গিয়েছে। শনিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি সংবাদমাধ্যমে বলেন, ‘কাজ প্রায় শেষের পথে। শীঘ্রই বিস্তারিত সব জানানো হবে।’ শনিবারও বাতিল করা হয়েছে-মালদা টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, মালদা টাউন–সাহেবগঞ্জ মেমু, সাহেবগঞ্জ–আজিমগঞ্জ মেমু, ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সাহেবগঞ্জ–মালদহ টাউন মেমু, আজিমগঞ্জ–সাহেবগঞ্জ মেমু, আজিমগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার, আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)