• প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে, ঘরের বাইরে বধূর গলাকাটা দেহ! চাঞ্চল্য দুর্গাপুরে
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • প্রথমপক্ষের স্বামীকে ছেড়ে অন্য এক পুরুষকে বিয়ে করেছিলেন। সেই মহিলারই গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার হল বাড়ির ভিতর থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অণ্ডালে। মৃতার নাম তারা দেবী ভুঁইয়া। ঘটনার পর থেকে ওই মহিলার দ্বিতীয় স্বামী পলাতক ছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন অণ্ডালের এসিপি দীপকুমার দাস-সহ পুলিশের আধিকারিকরা।

    জানা গিয়েছে, অণ্ডাল থানার খান্দরা পঞ্চায়েতের ময়রা ডিপো পাড়া এলাকায় ওই দম্পতি থাকতেন। এদিন সকালে বছর ৪৪ বয়সের তারাদেবী ভুঁইয়াকে ঘরের মধ্যেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর গলাকাটা ছিল। বাড়িতে অন্য কেউ ছিল না। শুধু তাই নয়, তাঁর দ্বিতীয় স্বামী তপন ডোমকেও খুঁজে পাওয়া যায়নি। খবর দেওয়া হয় পুলিশে।

    ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের একাংশের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি হত। সেই অশান্তির জেরেই এই খুন? সেই প্রশ্ন উঠেছে। যদিও ঠিক কী কারণে মৃত্যু, নেপথ্যে কে বা কারা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামীর খোঁজে তল্লাশি শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডালের এসিপি দীপকুমার দাস-সহ পুলিশের আধিকারিকরা। ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং বলেন,”আমরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ফরেন্সিক টিমকে ডাকা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়। মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

    প্রতিবেশীদের দাবি, তারা দু’বার বিয়ে করেছে। প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে পরবর্তীতে তপন ডোম নামে ওই ব্যক্তিকে বিয়ে করেন তিনি। তপন স্থানীয় এক খনির কর্মী বলে জানা গিয়েছে। প্রথমপক্ষের দুই মেয়ে রয়েছে তারা দেবীর। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তিনি পরাশকোল এলাকায় থাকেন। ছোট মেয়ে দিদির বাড়িতে থাকেন। প্রথমপক্ষের স্বামীর সঙ্গে কি তারার কোনও যোগাযোগ ছিল? নাকি অন্য কোনও কারণ রয়েছে? সেসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)