অস্ত্রোপচারের পর রোগীকে দেওয়া হবে হোমিওপ্যাথি ওষুধ! কেন এমন পরিষেবা কলকাতার হাসপাতালে?
প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক ওটিতে দুই চিকিৎসা পদ্ধতি। বিশ্বাস না হলে আবার পড়ুন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে পর্দা উঠল নতুন অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের। সেখানে অস্ত্রোপচার করবেন অ্যালোপ্যাথির চিকিৎসকরা। অস্ত্রোপচারের পরে রোগীকে দেওয়া হবে হোমিওপ্যাথি ওষুধ। যা খুলে দেবে গবেষণার একটা নতুন দিক।
ফি দিন হাজার হাজার মানুষ আসেন সল্টলেকের এনআইএইচ-এর ওপিডিতে। কোনও রোগীর এমন একটি সমস্যা হয়েছে যেখানে অস্ত্রোপচার প্রয়োজন। এনআইএইচ-এর ডিরেক্টর প্রলয় শর্মা জানিয়েছেন, তখন শুধু হোমিওপ্যাথি ওষুধের উপর নির্ভর না করে প্রয়োজনীয় ‘সার্জিক্যাল প্রসিডিওর’ করা হবে। এরপর ‘পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট’-এ দেওয়া হবে হোমিওপ্যাথিক ওষুধ। তার ব্যথা, রিকভারি, ক্ষত কত তাড়াতাড়ি শুকোচ্ছে, তাতে হোমিওপ্যাথি বেশি ভালো কাজ করছে কি না তা ক্লিনিক্যাল রিসার্চের মাধ্যমে দেখা হবে।
ডিরেক্টর প্রলয় শর্মা জানিয়েছেন, এনআইএইচ-এ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স চলে যার নাম ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। নামের মধ্যেই শল্য চিকিৎসা রয়েছে। নতুন মডিউলার অপারেশন থিয়েটারে ছাত্রদের শেখানো হবে সার্জারির পরিধি এবং সীমাবদ্ধতা। কোন অসুখে অস্ত্রোপচারে প্রয়োজন, কোনটা ওষুধ খেলে সেরে যাবে। নতুন মডিউলার অপারেশন থিয়েটারে শেখানো হবে এই পৃথকীকরণ। যে রোগী নিয়মিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির আউটডোরে আসছে, তার অস্ত্রোপচারের প্রয়োজন হলে অন্যত্র আর রেফার করা হবে না। তাঁর ‘কমপ্লিট’ চিকিৎসার দায়িত্ব নেবে এনআইএইচ। অ্যানাস্থেটিস্ট, সার্জন, কার্ডিওলজিস্টের ভূমিকায় থাকবেন অ্যালোপ্যাথির চিকিৎসকরা। অস্ত্রোপচারের ওষুধটা কী হবে? প্রলয় শর্মা জানিয়েছেন, সে ক্ষেত্রে দেওয়া হবে হোমিওপ্যাথি ওষুধ। কারণ অ্যালোপ্যাথি ওষুধের ড্রাগলোড বেশি।
কী এই ড্রাগলোড? কোনও ওষুধের নির্দিষ্ট ডোজে কতটা অ্যাক্টিভফার্মাসিউটিকাল উপাদান থাকে সেটাই হচ্ছে ড্রাগলোড। কিন্তু হোমিওপ্যাথি ওষুধের ড্রাগলোড তুলনামূলক কম। কারণ? হোমিওপ্যাথির অনেক ওষুধের মূল উপাদানকে বারবার তরল মাধ্যমে মিশিয়ে পাতলা করা হয়। তাই অ্যালোপ্যাথির ওষুধের তুলনায় এতে ড্রাগলোড কম থাকে। অস্ত্রোপচারের পর রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ ব্যবহারে অতিরিক্ত উপকার মিলছে কি না তা বৈজ্ঞানিকভাবে দেখার সুযোগ তৈরি করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি।