• রাজ্য পর্যটনের বিজ্ঞাপনী ভিডিওতে রাশিয়া থেকে রিও! ‘বাংলার মুখ’ কোথায়? তুঙ্গে বিতর্ক
    প্রতিদিন | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • ‘বাংলার মুখ’ দেখেছিলেন বলে আর বিশ্ব দর্শনের প্রয়োজন অনুভব করেননি বঙ্গকবি জীবনানন্দ দাশ। ধানসিঁড়ি নদীতীরে শালিখ-দোয়েলের কলকাকলি, ভাঁটফুলের ঘ্রাণ মিলেমিশে যে সৌন্দর্য, তার চেয়ে সেরা কিছু ছিল না কবির চোখে। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গ পর্যটন নিয়ে রাজ্য সরকারের যে বিজ্ঞাপনী ভিডিওটি প্রকাশিত হয়েছে, তাতে ঠিক উলটো ছবি! কোথায় ‘বাংলার মুখ’? এ যে বিদেশের নামী টুরিস্ট স্পটে ভর্তি! ভিডিওটি সোশাল মিডিয়ায় আপলোড হতেই শুরু ব্যাপক সমালোচনা। প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় থেকে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ ডেরেক ও ব্রায়েন, ট্রোল করতে ছাড়েননি কেউ।

    পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর থেকে শুক্রবার ১ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল: হোয়্যার ইন্ডিয়া ফিলস ডিফারেন্ট’ নামে ভিডিওটি শুরুই হয়েছে রোমের সেন্ট পিটার্সবার্গের ব্যাসিলিকা দিয়ে। এরপর মিশরের পিরামিড, ব্রাজিলের বিখ্যাত ক্রাইস্ট দি রিডিমার, প্যারিসের আইফেল টাওয়ার, লন্ডন আই – কী নেই তাতে? অবশ্য একটুকরো বাংলাও আছে ভিডিওতে। রয়েছে কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ। কিন্তু এর বাইরে বাংলার অফুরান সৌন্দর্যের ছবি কোথাও নেই রাজ্য পর্যটনের বিজ্ঞাপনে। অথচ ‘রূপসী বাংলা’কে বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে ধরতে রাজ্যের নতুন বিজেপি সরকার ৫০০ কোটি টাকা খরচ করেছে।

    এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘‘আমাদের রাজ্যের পর্যটন পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছে। তাই দার্জিলিং, কালিম্পং ছেড়ে আমরা সিকিম বেড়াতে যাই। এই পরিকাঠামো আমাদের ফিরিয়ে আনতেই হবে।” উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের সুন্দরবন – সর্বত্র পর্যটন পরিকাঠামো নতুন করে গড়ে তোলার পক্ষে কাজ শুরু করেছে রাজ্য সরকার।

    কিন্তু বাংলার পর্যটনের বিজ্ঞাপনী ভিডিওয় এত বিদেশি ছবি কেন? এ নিয়ে তো প্রশ্ন উঠবেই। বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় এক্স হ্যান্ডলে ভিডিওটি নিয়ে লিখেছেন, ‘এটা অত্যন্ত বোকা বোকা! শখের ভিডিও তৈরি করা হয়েছে। মস্কো থেকে মিশর, রিও ডি জেনেইরো থেকে লন্ডন, পশ্চিমবঙ্গের ভিডিওতে এসব কেন? আমি চাই, ভিডিওটি অবিলম্বে মুছে দেওয়া হোক। যারা এটা বানিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়া হোক। নইলে রাজ্যের বিজেপি সরকারের মুখ পুড়বে।’ তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েনের সংক্ষিপ্ত পোস্ট – ‘ট্র্যাশ বললেও কম বলা হয়!’

    কেউ কেউ মন্তব্য করছেন, ‘কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, দার্জিলিঙের বিশ্ববিখ্যাত টয় ট্রেন, বিষ্ণুপুরের টেরাকোটা, সুন্দরবনের গহীন জঙ্গল – এসব কোথায়? এগুলোই বাংলার পর্যটনের আসল সম্পদ। অথচ এগুলো আমরা দেখতে পাচ্ছি না!’ কারও কটাক্ষ, ‘নিউটাউনের ইকো পার্কে পৃথিবীর সপ্তমাশ্চর্যের সব সংক্ষিপ্ত সংস্করণ রয়েছে। বাংলায় ঘুরতে এলে কেউ তা দেখতে যেতে পারেন। হয়তো সেটা মাথায় রেখেই এই ভিডিও তৈরি করা হয়েছে।’ যে ভাবনা থেকেই এই ভিডিও তৈরি হোক না কেন, তা যে তীব্র সমালোচনারই যোগ্য, একথা অস্বীকার করার উপায় নেই। পর্যটন দপ্তরের এই বিজ্ঞাপনী ভিডিও নিয়ে অবশ্য এখনও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (প্রতিদিন)