• জম্মু-কাশ্মীরে সেনার সঙ্গে জঙ্গির গুলির লড়াই, খতম লস্কর-ই-তৈবার কম্যান্ডার ইয়াসির
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • জম্মু-কাশ্মীরে সেনা বাহিনীর গুলিতে খতম এক জঙ্গি। মৃত জঙ্গি ইয়াসির পাকিস্তানি গোষ্ঠী লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) শীর্ষ কম্যান্ডার বলে সেনা সূত্রে খবর। গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েকদিন ধরেই মধ্য কাশ্মীরের বাদগাম জেলার ইউসমার্গ এলাকার উঁচু পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন আশদর’ (Operation Ashdar)। শুক্রবার রাতে সেই অভিযান চলাকালীন সেনার গুলিতে মৃত্যু হয় তার। সেনা সূত্রে খবর, পহেলগামের বৈসরন ভ্যালিতে হওয়া জঙ্গি হামলার মাস্টারমাইন্ডের ঘনিষ্ঠ সহযোগী ছিল ইয়াসির।

    বাদগাম জেলার ইউসমার্গ এলাকায় স্পেশ্যাল ফোর্সেস (Special Forces) এবং ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস (53 Rashtriya Rifles) বাহিনী যৌথ ভাবে তল্লাশি শুরু করে। জওয়ানদের উপস্থিতি টের পেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পরে মৃত্যু হয় লস্কর কমান্ডার ইয়াসিরের। একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে AK সিরিজ়ের রাইফেল এবং প্রচুর গোলা বারুদ।

    ভারতীয় সেনা সূত্রে খবর, পাকিস্তানি জঙ্গি ইয়াসির আগে লস্কর-ই-তৈবার সুলেমান মুসা গোষ্ঠীর সদস্য ছিল। তবে প্রায় এক বছর আগে সে ওই দল থেকে আলাদা হয়ে যায়। পুরোনো দল ছাড়ার পরে ওই এলাকায় লস্করের প্রধান মুখ হয়ে উঠেছিল ইয়াসির। এর পর থেকে সে নিজের মতো করে উপত্যকায় আলাদা মডিউল চালাচ্ছিল। বেশ কিছুদিন ধরেই ইউসমার্গ অঞ্চলে ইয়াসিরের গতিবিধির উপর কড়া নজর রাখছিলেন গোয়েন্দারা।

    এই অভিযান সফল করতে পুরো এলাকা বর্তমানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুঞ্চ, রাজৌরি, বারামুল্লা, পুলওয়ামা ও সোপিয়ান সংযোগকারী পিরপঞ্জাল রেঞ্জের গভীর জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। বাকি জঙ্গিরা যাতে কোনও ভাবেই পালিয়ে যেতে না পারে, সেই দিকে নজর রাখছে ভারতীয় বাহিনী।

    ইউসমার্গের যেই এলাকায় অভিযান চলছে, সেই এলাকার খুব কাছে অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র দুধপথরি। তাই সাধারণ মানুষের নিরাপত্তায় কড়া পদক্ষেপ করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের দুধপথরি এলাকায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    ১. প্রশ্ন: কোথায় সেনা অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে?

    উত্তর: জম্মু-কাশ্মীরের বাদগাম জেলার ইউসমার্গ এলাকার উঁচু পাহাড়ি এলাকায় সেনা অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে।

    ২. প্রশ্ন: নিহত জঙ্গির নাম কী?

    উত্তর: সেনা সূত্রে নিহত জঙ্গির নাম ইয়াসির বলে জানা গিয়েছে।

    ৩. প্রশ্ন: ইয়াসির কোন জঙ্গি সংগঠনের কম্যান্ডার ছিল?

    উত্তর: সেনা সূত্রের দাবি, ইয়াসির পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার ছিল।

    ৪. প্রশ্ন: অভিযানের নাম কী দেওয়া হয়েছিল?

    উত্তর: অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন আশদর’।

    ৫. প্রশ্ন: কী ভাবে ইয়াসিরের মৃত্যু হয়?

    উত্তর: স্পেশ্যাল ফোর্সেস ও ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ তল্লাশির সময় জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় সেনা। গুলির লড়াইয়ের পর ইয়াসির নিহত হয়।

  • Link to this news (এই সময়)