• NBSTC ডিপোয় দাঁড়ানো বাসে হঠাৎ আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের দিনহাটা ডিপোয় আচমকা অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার ডিপোয় থাকা একটি বাসে হঠাৎ করে আগুন ধরে যায়। ডিপোর কর্মীদের সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ থেকে ফেরত আসার পরে ডিপোতে বাসটির রুটিন চেকআপ চলছিল। সেই সময়ে ডিপোর মেকানিকরা হঠাৎ বাসটিতে কালো ধোঁয়া দেখতে পান। ডিপোয় থাকা কর্মীদের দাবি, কিছু বুঝে ওঠার আগেই বাসটিতে আগুন ধরে যায়। দাউদাউ করে বাসটিকে জ্বলতে দেখে দমকলে খবর দেওয়া হয়।

    ডিপোতে এসে পৌঁছন দমকল কর্মীরা। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের তীব্রতা এতটা বেশি ছিল যে, পাশে থাকা একটি বাসও ঝলসে গিয়েছে। যদিও কী ভাবে আগুন লাগল সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

    দমকল আধিকারিক রাজীব আহমেদ বলেন, ‘কী করে আগুন লেগেছে, এটা এখনই বলা সম্ভব নয়। শর্টসার্কিট হতে পারে, কাজ করার সময়ে অন্য কোনও কারণেও হতে পারে।’ দ্রুত পদক্ষেপ করে আগুন নেভানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    ডিপোর ডিআই যুগলকিশোর রায় বলেন, ‘কী ভাবে আগুন লেগেছে জানি না। যে বাসটায় আগুন লেগেছে, সেখানে কাজ হচ্ছিল। সেই সময়েই হঠাৎ আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে শ্রমিকেরা আহত হয়েছেন।’

  • Link to this news (এই সময়)