রাজ্য জুড়ে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান ঘিরে একের পরে এক চাঞ্চল্যকর ছবি সামনে আসছে। এ বার দমদম পার্কের একটি নামী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সামনে এল একাধিক অনিয়মের ছবি। অভিযানে রেস্তোরাঁর ফ্রিজ় থেকে উদ্ধার হয় পচা মাংস। শুধু তাই নয়, খাবারে ব্যবহৃত বিভিন্ন মশলার মধ্যেও মিলেছে কৃত্রিম রঙের উপস্থিতি। শনিবার দমদম পার্কের নামী রেস্তোরাঁয় (মূলত বিরিয়ানির জন্য বিখ্যাত) যৌথ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর, দক্ষিণ দমদম পুরসভা, নাগেরবাজার থানার পুলিশ।
রান্নাঘরের পরিবেশও খুবই খারাপ। অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে রান্নার কাজ। এমনকী যেখানে থালা, বাসন ধোয়া হচ্ছে, তার পাশেই তৈরি করা হচ্ছে খাবার। রেস্তোরাঁ কর্তৃপক্ষের ভূমিকায় অত্যন্ত বিরক্ত আধিকারিকরা।
ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি রেস্তোরাঁ থেকে বিভিন্ন খাবার এবং মশলার নমুনাও সংগ্রহ করেছেন আধিকারিকরা। সেই নমুনা পরীক্ষার পরে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানা যাচ্ছে।
প্রশ্ন উঠছে, নামী রেস্তোরাঁয় যদি খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি নিয়ে এমন ছবি সামনে আসে, তা হলে সাধারণ মানুষের পাতে ঠিক কী খাবার পৌঁছচ্ছে?