• ডেকার্স লেনে অভিযান, চপ-কাটলেট-মিষ্টির গুণমানে নজর খাদ্য সুরক্ষা দপ্তরের
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৬
  • Big Breaking: কলকাতার অফিসপাড়ার খাবারের ঠিকানা ডেকার্স লেন। ভোজন রসিকদের নিত্য আনাগোনা এই রাস্তার নানা খাবারের দোকানে। এ বার সেখানেই অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের। ডেকার্স লেনে থাকা বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। 

    খাবারের মান খতিয়ে দেখা হয়েছে। কী কী উপকরণ ব্যবহার করে রান্না করা হয়, সেটা খতিয়ে দেখা হয়। এই এলাকার নানা দোকান চপ, কাটলেট, মিষ্টির জন্য বিখ্যাত। বেশ কিছু বহুল পরিচিত ভাতের হোটেলও রয়েছে। 

    এ দিন অভিযানের সময়ে সেখানে ছিলেন বেশ কয়েকজন ক্রেতা। তাঁদের মধ্যেই অনেকেই ছিলেন প্রবীণ। সংবাদমাধ্যমের সামনে অনেকেই দাবি করলেন, ৪০ বছর ধরে ডেকার্স লেনের নানা দোকানে খাবার খেয়ে চলেছেন তাঁরা। কখনও পেট খারাপ হয়নি। তবে খাবারের দোকানে মান ঠিক রেখে রান্না হচ্ছে কি না, সেটা নিয়মিত দেখভাল করা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।

    ডেকার্স লেন ছাড়াও, নাগেরবাজার এবং কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকার নানা রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চালিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। দমদম পার্কে বিখ্যাত একটি রেস্তোরাঁতেও অভিযান চালানো হয়েছে। সেখান থেকে পাওয়া মাংস পচা ছিল বলে অভিযোগ উঠেছে।

  • Link to this news (এই সময়)