প্রায় ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। শনিবারও স্বাভাবিক হয়নি উত্তরবঙ্গে যাওয়ার রেল পরিষেবা। নিউ ফরাক্কা স্টেশনের প্রবেশমুখে টানা বৃষ্টির জেরে রেল লাইনের একাংশে ধস নামার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল মেরামতির কাজ। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই ধসের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে রেল লাইনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ ৯৫ শতাংশ সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি শনিবার বিকেলে জানিয়েছেন, মেরামতির কাজ প্রায় শেষ পর্যায়ে। ইঞ্জিনিয়ারিং কাজ শেষ হয়েছে। ওই অংশের ট্র্যাক রেল চলাচলের জন্য প্রস্তুত। শেষে ওভারহেড তারের কার্যকারিতা দেখে নেওয়ার কাজ চলছে।
শিবরাম মাঝি আরও বলেন, ‘আমরা আশা করছি, এ দিন ৬টার পর থেকেই ওই ট্র্যাকে রেল চলাচল স্বাভাবিক হবে। ফলত, উত্তরবঙ্গে ৬টার পরে যে ট্রেনগুলি যায়, সেগুলি স্বাভাবিক সময়েই চলতে পারে। আবার ওই রুটে ডাউন লাইনে যে ট্রেনগুলি আসে, সেই পরিষেবাও এ দিন রাতে স্বাভাবিক হতে পারে বলে আশা করছি।’
শনিবার সকালেই রেল জানিয়েছিল, নির্ধারিত রুটের পরিবর্তে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল রুট দিয়ে বেশ কিছু ট্রেন চালানো হবে। নিউ জলপাইগুড়ি থেকে শতাব্দী এক্সপ্রেস এবং গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস হাওড়ায় ফেরানো হবে এই রুটে।