• Teachers Day: ডাক্তার, প্রফেসরদের মতো শিক্ষকরা নামের আগে ‘Tr’ লিখতে পারবেন, ঐতিহাসিক সিদ্ধান্ত এই রাজ্যে
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ‘একটি দেশ বদলাতে পারেন তিন জন মানুষ। মা, বাবা ও শিক্ষক।’ তাঁদের দেখানো পথেই দেশ গড়ার কাজে এগিয়ে চলেন পড়ুয়ারা। শিক্ষকদের অবদান ও পেশাগত মর্যাদাকে সম্মান জানাতে ৫ সেপ্টেম্বর ‘শিক্ষক দিবস’ পালিত হয় গোটা দেশ জুড়ে। সেই দিনেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার।

    এ দিন কর্নাটক রাজ্য সরকার ঘোষণা করেছে যে, সেই রাজ্যের সমস্ত শিক্ষক এখন থেকে তাঁদের নামের আগে উপাধি বা Prefix হিসেবে গর্বের সঙ্গে 'Tr' (Teacher-এর সংক্ষিপ্ত রূপ) ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, চিকিৎসকদের ক্ষেত্রে যেমন ‘Dr’ (ডাক্তার), ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যেমন ‘Er’ (ইঞ্জিনিয়ার) বা অধ্যাপকদের ক্ষেত্রে ‘Prof’ (প্রফেসর) ব্যবহার করেন। ঠিক তেমন শিক্ষকরা নতুন এই Prefix ব্যবহার করতে পারবেন।

    কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার শনিবার বিজয়নগর জেলার কুডলিগিতে ‘প্রজা সেবা অভিযান’-এ অংশগ্রহণ করেছিলেন। সেখানেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। শিবকুমার জানান, সম্প্রতি সেই রাজ্যের মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকেই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    সমাজমাধ্যমে শিবকুমার লিখেছেন, ‘কর্নাটকে প্রায় ৪.৫ লক্ষ শিক্ষক-সহ সমগ্র দেশে ১ কোটিরও বেশি শিক্ষক প্রতিদিন আমাদের শিশুদের ভবিষ্যৎ, মন ও চরিত্র গঠন করছেন। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক বা উদ্যোক্তা— সবার পিছনেই একজন শিক্ষক থাকেন, যিনি প্রথম তাঁদের সম্ভাবনাকে চিহ্নিত করেছিলেন।’

  • Link to this news (এই সময়)