• ‘হোমিওপ্যাথি ওষুধের মতো কাজ করেছে’, ‘দিমাগি নকশাল’দের ফের কটাক্ষ মোদীর
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল ‘দিমাগি নকশাল’-এর কথা। শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্সের (SRCC) শতবার্ষিকী অনুষ্ঠানেও ‘দিমাগি নকশাল’-দের নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রীর। বিরোধীদের নাম না করে মোদী জানান, তাঁর লালকেল্লার ভাষণ আসলে একটি ‘হোমিওপ্যাথি ওষুধ’-এর মতো কাজ করেছে। যার ফলে আসল ‘দিমাগি নকশাল’ এবং তাঁদের প্রশ্রয়দাতাদের মুখোশ খুলে গিয়ে আসল চেহারা জনসমক্ষে চলে এসেছে।

    চলতি বছরের ১৫ অগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, দেশ থেকে সশস্ত্র নকশালবাদ বা মাওবাদ প্রায় নির্মূল হলেও কিছু লোক ‘দিমাগি নকশাল’ বা নকশালবাদী চিন্তাভাবনা নিয়ে দেশের অগ্রগ্রতিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। সেই প্রসঙ্গ তুলে এ দিন মোদী বলেন, ‘যেই আমি দিমাগি নকশাল নিয়ে একটা হোমিওপ্যাথির গুলি বা ডোজ় দিলাম, সেই দিমাগি নকশালরা একে একে লুকিয়ে থাকা গর্ত থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করল। শুধু তাই নয়, যাঁরা এই মানসিকতার ব্যাধিকে এতদিন ধরে প্রশ্রয় দিয়ে আসছিল, জনগণ এখন তাদেরও আসল রূপটা দেখতে পাচ্ছে।’

    কয়েকদিন আগেই এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। যদিও এই পরিসংখ্যান নিয়ে নানাবিধ সমালোচনা শোনা গিয়েছে বিরোধীদের মুখে। বিরোধীদের সমালোচনা করে মোদী বলেন, ‘ ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধি দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। যারা ভারতকে ‘ফ্র্যাজাইল ফাইভ’ (Fragile Five)-এর অন্তর্ভুক্ত করার জন্য কুখ্যাত হয়েছিল, তাদের পক্ষে এই পরিসংখ্যান মেনে নেওয়া কঠিন হয়ে পড়ছে।’ পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং বিশ্ববাণিজ্যে বিঘ্ন ঘটার মতো পরিস্থিতির মধ্যেও ভারতীয় অর্থনীতির এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতার প্রশংসা করেন তিনি।

    ২০১৩ সালে এসআরসিসি (SRCC)-তে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য বহুল প্রচারিত হয়েছিল। ১৩ বছর পরে কলেজের অনুষ্ঠানে গিয়ে ‘অর্ধেক ভরা গ্লাস’-এর সেই উপমাটি ফের তুলে ধরেন প্রধানমন্ত্রী। সে দিনের বক্তৃতায় মোদী বলেছিলেন, ‘কেউ কেউ গ্লাসটিকে অর্ধেক ভরা এবং অন্যরা অর্ধেক খালি হিসেবে দেখছেন। অথচ আমি এটিকে পুরোপুরি পূর্ণ বলে মনে করি— যার এক অর্ধাংশে রয়েছে জল এবং অন্য অর্ধাংশে রয়েছে বাতাস।’ এ দিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, ২০১৩ সালে যাঁরা গ্লাসটিকে অর্ধেক খালি হিসেবে দেখেছিলেন, তাঁরা এখনও একই দৃষ্টিভঙ্গি নিয়ে দেশটিকে দেখছেন। তাঁর কথায়, ‘তাঁদের কাছে গ্লাসটি সবসময়ই অর্ধেক খালি থাকবে। আমি গ্লাসটির কথাই বলছি, অন্য কোনও কিছু খালি থাকার বিষয়ে বলছি না।’

  • Link to this news (এই সময়)