• ফিরহাদের সংস্থায় গিয়েছিলেন, এ বার কলকাতার প্রাক্তন কাউন্সিলারের ঠিকানায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের সদস্যরা
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে কমিশন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের সদস্যরা শনিবার কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার অলকানন্দা দাসের বেলেঘাটার বাড়িতে যান কমিশনের তিন সদস্য। পুলিশ সূত্রে খবর, বেআইনি নির্মাণ ও আয়বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগ দায়ের হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। তার ভিত্তিতেই হানা দেন দুর্নীতি বিরোধী কমিশনের সদস্যরা। সঙ্গে ছিল বেলেঘাটা থানার পুলিশও।

    কমিশন সূত্রে খবর, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে বেলেঘাটার প্রাক্তন কাউন্সিলার অলকানন্দা দাসের নামে। এ দিন তাঁর জোড়া ঠিকানায় চলে তল্লাশি। বেআইনি নির্মাণ ও আয়বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই এ দিন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের সদস্যদের অভিযান।

    সূত্রের খবর, প্রাক্তন কাউন্সিলারের গত ৫ বছরের আয়কর রিটার্ন, ঘোষিত সম্পত্তি, ব্যাঙ্ক স্টেটমেন্ট সবই তদন্তকারীদের স্ক্যানারের নীচে। এর আগে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা কলকাতা পোর্টের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের মালিকানাধীন দু’টি সংস্থার অফিসে তল্লাশি চালায় রাজ্য সরকারের দ্বারা গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের সদস্যরা।

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে তৃণমূল জমানার নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন গঠন করে রাজ্যের বিজেপি সরকার। এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। শিক্ষা, খাদ্য, পুরসভা, নিয়োগ দুর্নীতি এবং উম্পুন ত্রাণ সম্পর্কিত অনিয়ম খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে সংশ্লিষ্ট কমিশনের উপরে।

  • Link to this news (এই সময়)