অবশেষে নিউ ফরাক্কা জংশন স্টেশনের কাছে গড়াল রেলের চাকা। শনিবার সন্ধ্যায় রেল লাইনে ধসে যাওয়া অংশে মেরামতের কাজ শেষ হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত সুরক্ষা পরীক্ষার পর স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। এ দিন সন্ধ্যায় রেল লাইনের উপরে ট্রায়াল রান করা হয়। সমস্ত সুরক্ষাবিধি খতিয়ে দেখে ট্রেন চলাচলের ঘোষণা করা হয়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেন এ দিন সন্ধ্যার পর থেকে নির্ঘণ্ট মেনে চলবে। তবে বেশ কিছু আপ ট্রেন বাতিল থাকার কারণে ডাউনে সেই ট্রেনগুলি স্বাভাবিক ভাবে আসবে না। কিন্তু রবিবার সকাল থেকে ডাউন ট্রেন স্বাভাবিক চলাচল করবে।
১৩৪১০ মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
১৫৬৪৭ লোকমান্য তিলক টার্মিনাস - গুয়াহাটি এক্সপ্রেস
১২৩৪৫ হাওড়া - গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
১২০৪১ হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
১৩১৫৩ গৌড় এক্সপ্রেস
১২৩৪৩ দার্জিলিং মেল
১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ রাতে অবিরাম ভারী বৃষ্টির কারণে নিউ ফরাক্কা ও তিলডাঙার মাঝের রেললাইনের বাঁধে ধস নামে। আপ ও ডাউন লাইনের মধ্যবর্তী বাঁধের মাধ্যমে জল চুঁইয়ে পড়া এবং আপ লাইনের পাশে একটি পুকুর থাকার কারণে পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। এর ফলে মাটি ধসে গিয়ে নরম কাদাভিত্তিক জমি আরও নরম হয়ে আপ ট্র্যাকটি বসে যায়।
ক্ষতিগ্রস্ত স্থানে রেল পাইলিং, পাথরের গুঁড়ো ভরাট, ব্যালাস্ট প্যাকিং এবং অন্যান্য প্রয়োজনীয় স্থায়িত্ব বৃদ্ধির কাজ সম্পন্ন করা হয়। শুরুতে ৬টি পাইলিং রিগ এবং প্রায় ২০০ জন কর্মীকে কাজে লাগানো হয়। রাতের এই পুনর্বাসন প্রচেষ্টায় পরে আরও ১০০ জন স্থানীয় কর্মী এবং আজিমগঞ্জ থেকে ১০০ জন কর্মী যোগ দেন।
এ দিন ট্র্যাক, পয়েন্ট এবং ওএইচই (OHE) পরীক্ষা এবং প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা পরীক্ষা করা হয়। যাত্রিবাহী ট্রেন চলাচলের আগে ট্রায়াল রান সফল ভাবে ওই লাইনের উপর দিয়ে পরিচালিত হয়। নির্ধারিত সুরক্ষা মান নিশ্চিত করার পরই স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়।