তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি হোটেল-লজ বন্ধের নির্দেশ দিয়েছিল মহকুমা প্রশাসন। এ দিকে সামনেই কৌশিকী অমাবস্যা। ভাদ্রের অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়। সে দিক মাথায় রেখে তারাপীঠে ১৫টি হোটেল-লজ সাময়িক ভাবে খোলার অনুমতি দিল রামপুরহাট মহকুমা প্রশাসন। তবে তারাপীঠের প্রত্যেক হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় যাতে কোনও রকম খামতি না থাকে, সে দিকেও কড়া নজর প্রশাসনের। নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। শনিবার এ নিয়ে বিশেষ বৈঠকও হয়েছে রামপুরহাটে। আয়োজন করা হয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংক্রান্ত কর্মশালারও। রামপুরহাটের বিধায়কের উপস্থিতিতেই চলে এই বিশেষ কর্মশালা।
আগামী বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর সকালেই কৌশিকী অমাবস্যা (news in bengali) লেগে যাচ্ছে। শুক্রবার সকাল ৮টা ৫০ পর্যন্ত অমাবস্যা থাকবে। ইতিমধ্যেই তারাপীঠের হোটেলগুলির বুকিং সারা। এত মানুষের সমাগম হবে, নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে, সে দিকে নজর রেখে শনিবার রামপুরহাটের রক্তকরবী মঞ্চে মহকুমা প্রশাসন ও দমকল বিভাগের উদ্যোগে তারাপীঠের হোটেল ব্যবসায়ীদের উপস্থিতিতে অগ্নি-নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মশালায় শেখানো হয়, দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা ঘটলে তড়িঘড়ি কী করা উচিত। কী ভাবে সতর্ক থাকতে হবে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা কী ভাবে কার্যকর রাখতে হবে, জরুরি পরিস্থিতিতে কী করণীয় এবং পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা কী ভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে।
গত মাসে তারাপীঠের একটি হোটেলে আগুন লাগে। ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পরে প্রশাসন হোটেলগুলির বিভিন্ন দিক খতিয়ে দেখে। ১৮ অগস্ট তারাপীঠের চণ্ডীপুর এলাকার ১৫টি হোটেল ও লজ বন্ধের নোটিস দেয় রামপুরহাট মহকুমা প্রশাসন। কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক ভক্ত সমাগমের কথা চিন্তা করে ১৫টি হোটেলকে ২ মাসের জন্য খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে মহকুমাশাসক রাঠৌর অশ্বিন বাবু সিং বলেন, ‘আমরা একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা থাকে, তা হলে অস্থায়ী ভাবে হোটেলগুলি খোলার অনুমতি দেওয়া হবে। যে হেতু কৌশিকী অমাবস্যা আসছে, লক্ষাধিক ভক্তের সমাগম হবে, তাই দু’মাসের জন্য হোটেলগুলিকে সময় দেওয়া হচ্ছে। এই সময়টা পেয়ে আশা করছি, তারা সমস্ত রকমের নিরাপত্তা ব্যবস্থা ও কাগজপত্র ঠিক করে জমা দিতে পারবে।’