• সাহারানপুরে বেআইনি মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন, ‘ইনশাআল্লা জবাব দেব’, হুঁশিয়ারি ওয়েইসির
    প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • সাহারানপুরে জেলাশাসকের দপ্তরের ঠিক পাশে অবস্থিত বেআইনি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। শুক্রবার রাত থেকে গোটা এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করার পর, শবিবার ভোরে শুরু হয় ভাঙার কাজ। সকাল ৮টার মধ্যে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয় পুরো মসজিদ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। এই ঘটনার তীব্র নিন্দা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তিনি বলেন, ‘ইনশাআল্লা, এর জবাব দেওয়া হবে।’

    জেলাশাসকের দপ্তরের পাশে সরকারি জায়গায় ছিল মসজিদটি। তাতেই আপত্তি জানিয়ে আদালতে মামলা দায়ের করে বজরং দলের এক শীর্ষ নেতা। গত ১৬ জুলাই এই মামলায় মসজিদকে বেআইনি বলে ঘোষণা করে আদালত। সরকারি জমি দখলের জন্য ৬ কোটি ৪১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। ম্যাজিস্ট্রেট আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জজ কোর্টে মামলা দায়ের করে মসজিদ কর্তৃপক্ষ। ২ সেপ্টেম্বর এই মামলায় মসজিদ ভাঙার নির্দেশ দেওয়া হয়। সেইমতো শুক্রবার রাতেই বুলডোজার-সহ সমস্ত যন্ত্রপাতি মোতায়েন করা হয়। শনিবার ভোরে শুরু হয় ভাঙার কাজ। আদালতের নির্দেশ কার্যকরে যাতে কোনও বাধা না আসে তার জন্য বিপুল সংখ্যায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়।

    সাহারানপুরের ডিআইজি অভিষেক সিং জানান, সরকারি জমির উপর ওই বেআইনি নির্মাণ করা হয়েছিল। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে সেটি ভেঙে ফেলা হয়েছে। এমনকী জানা যাচ্ছে, এই অভিযান ঠেকাতে সেখানে যাচ্ছিলেন স্থানীয় সাংসদ ইকরা হোসেন। তাঁকে গৃহবন্দি করে পুলিশ। এই ঘটনায় সুর চড়িয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। তিনি বলেন, “এই সরকার মুসলিম বিরোধী। এরা ভোটে জেতার জন্য মসজিদ, দরগা, কবরস্থান ধ্বংস করছে। বিজেপি, আরএসএস, প্রধানমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রীর মসজিদকে ঘৃণা করে। যার জেরেই আইন, সংবিধানকে উপেক্ষা করে এই পদক্ষেপ করছে।”

    পাশাপাশি ওয়েইসি আরও বলেন, “এরা মুসলমানদের অস্তিত্বকে ঘৃণা করে। ইনশাআল্লাহ, এআইএমআইএম দল উত্তরপ্রদেশে এদের যোগ্য জবাব দেবে। সাংবিধানিক ও রাজনৈতিক পথেই এদের যোগ্য জবাব দেওয়া হবে।” বিষয়টি নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। এটি সরকারের সবচেয়ে বড় সাফল্যও হওয়া উচিত।’
  • Link to this news (প্রতিদিন)