• বাংলা-সহ ৭ রাজ্যে বিচারকদের অবসরের বয়স বৃদ্ধি! কেন এমন সিদ্ধান্ত? কী বলছে সুপ্রিম কোর্ট?
    প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাতটি রাজ্য জেলা বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়স বাড়িয়ে ৬২ বছর করতে সম্মত হয়েছে। অবশিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে এবং এই বিষয়ে একটি বৃহত্তর ঐকমত্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে শীর্ষ আদালত।

    অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় দীর্ঘদিনের বকেয়া বিষয়ে শুনানি করতে গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ ছত্তিশগড়, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম, তামিলনাড় এবং পশ্চিমবঙ্গকে তাদের নিজ নিজ চাকরির নিয়ম সংশোধন করে আনুষ্ঠানিকভাবে অবসরের বয়স ৬২ বছর করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, বিচার বিভাগীয় আধিকারিকরা একটি স্বতন্ত্র শ্রেণি এবং তাঁদের অবসরের বয়স বাড়ানোর বিষয়টি রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে তুলনা করা যায় না। আর্থিক বোঝার যুক্তি খারিজ করে আদালত বাকি রাজ্যগুলিকেও এই বয়সসীমা বাড়ানোর ইতিবাচক পুনর্বিবেচনা করতে নির্দেশ দিয়েছে। বিচারব্যবস্থায় অভিজ্ঞ বিচারকদের ধরে রাখা এবং বিচারপতির পদ খালি থাকার সমস্যা সমাধান করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। ৬০ বছর বয়স অতিক্রমকারী অফিসারদের জন্য উপযুক্ত ও কর্মক্ষমতা মূল্যায়নের প্রস্তাবকেও শীর্ষ আদালত স্বাগত জানিয়েছে।

    প্রসঙ্গত, এর আগে কিছু রাজ্য বাকি সরকারি কর্মচারীদের মতোই বিচারবিভাগীয় কর্মকর্তাদের অবসরের বয়স ৫৮ বা ৬০ বছর নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিল। সুপ্রিম কোর্টর বেঞ্চ এই যুক্তি গ্রহণ করেনি। আদালত জানায় যে, বিচার বিভাগে যোগদানের সময় বিচারপতিদের বয়স অনেকটাই বেশি হয়। সুতরাং, তাঁদের ৬২ বছর বয়স পর্যন্ত চাকরি করার অনুমতি দিলে রাজ্যগুলির ওপর কোনও বাড়তি আর্থিক বোঝা চাপবে না। আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
  • Link to this news (প্রতিদিন)