এবার বাংলাতে রামোজি ফিল্ম সিটি! আয়োজন করা হবে দুর্গাপুজোরও, ব্যাপারটা কী?
প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
সিনেমা নিয়ে অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। আর সিনেমা তৈরির নেপথ্য কাহিনি জানার আগ্রহ যেন দ্বিগুণ। তাই শুটিং সেটে ঘোরার সুযোগ পেলে হাতছাড়া করতে চান না কেউই। সেই শুটিং সেট ঘোরার ফাঁকে যদি দুর্গাপুজোর স্বাদ পাওয়া যায়? তা হলে আনন্দ যেন নিমেষে দ্বিগুণ হতে বাধ্য। সেই ভাবনাকে মাথায় রেখেই এবার নদিয়ার তাহেরপুরের ক্লাব প্রান্তিকের থিম রামোজি ফিল্ম সিটি এবং সিনেমার আইকনিক দৃশ্য। ২২তম বর্ষে পুজো মণ্ডপের চমক প্রতিটি দর্শনার্থীর নজর কাড়বে বলেই আশা উদ্যোক্তাদের।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবারের পুজোর আয়োজনে আনুমানিক ২৫ লক্ষ টাকারও বেশি খরচ হতে পারে। গোটা মণ্ডপজুড়ে বিভিন্ন জনপ্রিয় ও প্রশংসিত পুরনো এবং নতুন সিনেমার আইকনিক দৃশ্য তুলে ধরা হবে। সিনেমার শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত ও সেটের আদলে মণ্ডপসজ্জায় থাকবে একাধিক চমক। থিমের অন্যতম আকর্ষণ হতে চলেছে রামোজি ফিল্মসিটির মূল প্রবেশদ্বারের আদলে তৈরি গেট।
মণ্ডপের ভিতরে সিনেমার সেট ও দৃশ্যের আদল ফুটিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। ক্লাব সূত্রে খবর, মণ্ডপটি ১৬০ ফুটেরও বেশি চওড়া হবে।
ক্লাবের সদস্যদের বক্তব্য, পুজোয় সাধারণত মন্দির, রাজবাড়ি বা ঐতিহ্যবাহী স্থাপত্যের আদলে মণ্ডপ তৈরি করা হয়। সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে দর্শনার্থীদের জন্য নতুন কিছু তুলে ধরতেই এবার রামোজি ফিল্ম সিটিকে ভাবনায় রাখা হয়েছে।
শুধু মণ্ডপসজ্জা নয়, পুজোর সঙ্গে থাকছে মেলার আয়োজনও। মাঠে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে হস্তশিল্প এবং বিদেশি মেলার আবহ তৈরি করার পরিকল্পনাও রয়েছে। ফলে পুজো দেখতে আসা দর্শনার্থীদের কাছে মণ্ডপসজ্জার সঙ্গে বাড়তি পাওনা হবে মেলা।
দ্বিতীয়ায় পুজো উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। প্রতিমাতেও থাকবে বিশেষ চমক। দশমীর পরেও মণ্ডপটি কিছুদিন রাখা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক-সহ বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানানোর চেষ্টা চলছে।
ক্লাব প্রান্তিকের পুজোর সঙ্গে ব্যতিক্রমী আয়োজনের নজির অবশ্য নতুন নয়। উদ্যোক্তাদের দাবি, এর আগেও দুস্থ ছেলেমেয়েদের নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকী খেলাধূলার ক্ষেত্রে তাঁদের নিয়ে আয়োজিত উদ্যোগে সাফল্যও এসেছিল। এবারও সেই ধরনের সামাজিক ভাবনার সঙ্গে পুজোর আয়োজনকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। রামোজি ফিল্ম সিটির আদলে বিশাল মণ্ডপ, সিনেমার পরিচিত দৃশ্য, বিশেষ প্রতিমা এবং মেলার আয়োজন – সব মিলিয়ে ২২তম বর্ষে ক্লাব প্রান্তিকের পুজো যে জমজমাট হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।