একদিকে শতবর্ষের ঐতিহ্য, অন্যদিকে Gen Z-র ভাষা। দিল্লির শ্রী রাম কলেজ অফ কমার্স (SRCC)-এর শতবর্ষ উদ্যাপনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় মিলল দু’টির অদ্ভুত মিশেল। প্রাক্তনীদের প্রশংসা করতে গিয়ে ব্যবহার করলেন ‘OG’, কলেজে পড়াকে বললেন ‘Flex’, আর তাঁর রাজনৈতিক বক্তব্যে ঢুকে গেল ‘ধুরন্ধর’, ‘নারাজ ফুফা’-র মতো চলতি শব্দও। তাঁর বক্তব্যে উঠে এল ‘দিমাগি নকশাল’-এর মতো রাজনৈতিক তকমাও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই শব্দচয়নকে নিছক রসিকতা হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। তরুণ, বিশেষ করে Gen Z প্রজন্মের সঙ্গে কথোপকথনের ধরন বদলানোর একটি সচেতন প্রয়াস হিসেবেই তাঁর বক্তৃতার এই ভাষাকে দেখছেন একাধিক বিশেষজ্ঞরা।
শুরুটা হয়েছিল নিট পরীক্ষা নিয়ে জেন জ়ি-দের ক্ষোভ সামাল দেওয়া থেকে। জেন জ়ি-দের কাছে নিজের বার্তা পৌঁছতে প্রথম সেলফি ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। শনিবার SRCC-তে তাঁর বক্তব্যে ঐতিহ্যবাহী রাজনৈতিক ভাষণের পাশাপাশি ঢুকে পড়ে সোশ্যাল মিডিয়া ও জনপ্রিয় সংস্কৃতিতে ব্যবহৃত শব্দও।
SRCC-র প্রাক্তনীদের প্রশংসা করতে গিয়ে মোদী বলেন, ‘Gen Z-র ভাষায় বললে তাঁরা হলেন ‘OG’। ‘OG’ মূলত ‘Original Gangster’-এর সংক্ষিপ্ত রূপ হলেও এখন Gen Z-র কথ্যভাষায় এর অর্থ অনেকটাই বদলে গিয়েছে। কোনও ক্ষেত্রে দীর্ঘদিনের, আসল, প্রতিষ্ঠিত বা অত্যন্ত সম্মানিত ব্যক্তিকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
মোদীর বক্তব্যে SRCC-র প্রাক্তনীদের সেই অর্থেই ‘OG’ বলা হয়েছে। একশো বছর ধরে এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা ব্যবসা, অর্থনীতি, প্রশাসন-সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন—তাঁদের সেই অবদানকেই তুলে ধরতে এই শব্দ ব্যবহার করেন প্রধানমন্ত্রী।
এর পরেই আসে আরও পরিচিত Gen Z শব্দ—‘Flex’। মোদীর বক্তব্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্রকে জিজ্ঞাসা করা হলে সে কোন কলেজে পড়ে, শুধু ‘SRCC’ বলাটাই যথেষ্ট। তাঁর কথায়, ‘Simply saying ‘SRCC’ is a flex in itself.’ অর্থাৎ, নিজের কোনও সাফল্য, পরিচয় বা অর্জন নিয়ে গর্ব করার জন্য আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই—SRCC-র নামটাই যথেষ্ট। Gen Z-র ভাষায় সেটাই ‘Flex’।
শুধু ‘OG’ বা ‘Flex’ নয়, মোদীর বক্তব্যে বিশেষ নজর কেড়েছে ‘Dhurandhar’ শব্দটির ব্যবহার। ‘ধুরন্ধর’ শব্দটির অর্থ মূলত অত্যন্ত দক্ষ, পাকা বা কোনও কাজে অসাধারণ পারদর্শী ব্যক্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই শব্দটি জনপ্রিয় সিনেমাতেও বিশেষ পরিচিতি পেয়েছে। সেই চলতি সাংস্কৃতিক রেফারেন্সকে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে মিশিয়ে দেন মোদী। ‘OG’, ‘Flex’-এর মতো ইংরেজি Gen Z-দের পরিচিত শব্দের সঙ্গে ‘Dhurandhar’-এর মতো হিন্দি শব্দ পাশাপাশি ব্যবহার করে তিনি বক্তব্যে একটি আলাদা টোন তৈরি করেন।
মোদীর বক্তৃতায় আরও একটি নজরকাড়া শব্দবন্ধ ছিল ‘Naraz Fufa’—অর্থাৎ ‘রেগে থাকা ফুফা’ বা আত্মীয়। এই ধরনের পারিবারিক উপমা ব্যবহার করে তিনি রাজনৈতিক সমালোচকদের কটাক্ষ করেন। সরাসরি রাজনৈতিক পরিভাষা ব্যবহার না করে পরিচিত পারিবারিক চরিত্রের সঙ্গে তুলনা করার ফলে বক্তব্যটি আরও কথ্য এবং সহজবোধ্য হয়ে ওঠে। এই শব্দচয়নকে মোদীর metaphor-laden speech বা উপমা-নির্ভর বক্তৃতার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে বক্তৃতার ভাষা শুধুই হালকা মেজাজের Gen Z slang-এ আটকে থাকেনি। মোদী ফের ব্যবহার করেন ‘Dimagi Naxal’ শব্দবন্ধ। ‘বুদ্ধিবৃত্তিক নকশাল’ অর্থে ব্যবহৃত এই শব্দবন্ধ দিয়ে তিনি তাঁর রাজনৈতিক সমালোচকদের নিশানা করেন। অর্থাৎ, একই বক্তৃতায় একদিকে ‘OG’, ‘Flex’, ‘Dhurandhar’, ‘Naraz Fufa’-র মতো চলতি শব্দ, অন্যদিকে ‘Dimagi Naxal’-এর মতো রাজনৈতিক আক্রমণাত্মক শব্দ—দু’ধরনের ভাষাই দেখা যায়।
এই বক্তৃতার আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল অতীতের স্মৃতিচারণ। ২০১৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদী SRCC-তে বক্তৃতা দিয়েছিলেন। ১৩ বছর পর একই কলেজে ফিরে এসে তিনি সেই সময়ের ভারতের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে ভারতের GDP, অর্থনৈতিক অগ্রগতি, নিরাপত্তা এবং গত এক দশকের পরিবর্তনের প্রসঙ্গ। অর্থাৎ, তরুণদের সঙ্গে Gen Z-র ভাষায় যোগাযোগ করার পাশাপাশি তিনি নিজের রাজনৈতিক বার্তাও স্পষ্টভাবে তুলে ধরেন।
সব মিলিয়ে, SRCC-র শতবর্ষের মঞ্চে মোদীর বার্তা ছিল পুরোনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে নতুন প্রজন্মের ভাষায় কথা বলা। আর সেই কারণেই তাঁর বক্তৃতার রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ‘OG’, ‘Flex’, ‘Dhurandhar’ এবং ‘Naraz Fufa’-র মতো শব্দও আলাদা করে আলোচনায় এসেছে।