• ঝিরম ঘাটিতে মাওবাদী হামলায় দশ জনকে দোষী সাব্যস্ত করল আদালত
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: ছত্তিসগড়ের সুকমার ঝিরম ঘাটিতে ১৩ বছর আগে ২৯ জন কংগ্রেস নেতাকে খুনের ঘটনায় মাওবাদীদের দুই মহিলা কামান্ডার সহ ১০ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০১৩–র ২৫ মে বস্তার জেলার দরভা থানার অন্তর্গত ঝিরম ঘাটিতে তৎকালীন কংগ্রেস নেতাদের কনভয়ে অতর্কিতে হামলা চালান প্রায় আড়াইশো সশস্ত্র মাওবাদী। আধঘণ্টা ধরে টানা গুলি চলে। ঘটনায় নিহত হন তৎকালীন রাজ্য কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেল, তাঁর পুত্র দীনেশ, বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যা চরণ শুক্লা এবং প্রাক্তন বিধায়ক উদয় মুদলিয়ার-সহ প্রবীণ কংগ্রেস নেতারা। এঁদের সঙ্গে বেশ কয়েক জন নিরাপত্তাকর্মীও নিহত হন।

    তদন্তে উঠে আসে, ছত্তিসগড়ে কংগ্রেসের ‘পরিবর্তন যাত্রা’ শেষ করে কনভয় ফেরত আসার সময়ে ওই ঘটনা ঘটে। ‘সালওয়া জুডুম’–যাঁর মস্তিস্কপ্রসূত, সেই কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা ছিলেন মাওবাদীদের প্রধান টার্গেট। নিষিদ্ধ ওই সংগঠনের স্কোয়াড সদস্যরা মহেন্দ্রকে গুলিতে ঝাঁজরা করে দেওয়ার পরে ৭৮ বার ছুরি দিয়ে আঘাত করেন। তারপর নিহত নেতার শরীরের উপরে নাচ করে উল্লাস প্রকাশও করেন।

    ঘটনার দু’দিন পরে তদন্তের দায়িত্ব নেয় এনআইএ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা এই মামলায় ১০১ জন সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়। দোষী সাব্যস্ত ১০ জনের মধ্যে প্রমিলা মোদিয়াম এবং সুমিতা ওরফে পুনম মোদিয়াম নামে দু’জন মহিলা মাওবাদী সদস্যও রয়েছেন। ২০১৫–তে প্রায় এক হাজার পাতার চার্জশিট পেশ করে এনআইএ। সেখানে মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়। তবে বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। শেষ পর্যন্ত আদালত ১০ অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেছে।

  • Link to this news (এই সময়)