এই সময়: কলকাতা বইমেলার উপরে ‘পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের’ কর্তৃত্ব কি আরও নড়বড়ে? গিল্ডের বিরুদ্ধে ইচ্ছেমতো বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ তুলেছে বইমেলা উপদেষ্টা কমিটির একাংশ। রাজ্য সরকারের তৈরি করে দেওয়া এই উপদেষ্টা কমিটিকে কার্যত অন্ধকারে শুক্রবার সংবাদপত্রে একটি বিজ্ঞাপন প্রকাশ করে গিল্ড, যা নিয়ে শনিবার জরুরি বৈঠক ডাকে বইমেলা উপদেষ্টা কমিটি। সেখানে উপদেষ্টাদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয় গিল্ড কর্তাদের। সূত্রের খবর, উপদেষ্টা কমিটির ২৪ জনের মধ্যে ২০ জনই এ দিনের বৈঠকে গিল্ড সদস্যদের ভর্ৎসনা করেন। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সংবাদপত্রে দেওয়া ওই বিজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। শুধু এই বছরের বইমেলার আয়–ব্যয়ের হিসেবে স্বচ্ছতা রাখার জন্য নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। তবে এ দিনের বৈঠক নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি বইমেলা উপদেষ্টা কমিটির সদস্যরা।
২০২৭–এর কলকাতা আন্তর্জাতিক বইমেলার সামগ্রিক পরিচালনা, পরিকল্পনা ও দিক নির্দেশের জন্য ২৪ সদস্যের একটি উপদেষ্টা বা পরামর্শদাতা কমিটি গত ২১ অগস্ট গঠন করেছে রাজ্য সরকার। নবান্নের উদ্যোগে গঠিত এই বোর্ডে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ন্যাশনাল বুক ট্রাস্ট, ইজে়ডসিসি-সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে। তবে নজিরবিহীন ভাবে নতুন এই পরামর্শদাতা বোর্ডে স্থান পাননি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বর্তমান সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে। অনেকের বক্তব্য, ওই দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল, কলকাতা বইমেলার উপরে গিল্ড সদস্যদের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হতে চলেছে। রাজ্য সরকারের তরফে গিল্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, ইজে়ডসিসি, এনবিটি এবং উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করেই বইমেলা সক্রান্ত কোনও পদক্ষেপ করতে পারবে গিল্ড। সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে গিল্ড বাকি সব পক্ষকে অন্ধকারে রেখে একটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে বলে অভিযোগ। তার ফলশ্রুতিতেই শনিবার উপদেষ্টা কমিটির ঝাঁঝালো আক্রমণের মুখে পড়তে হয়েছে গিল্ডকে।
সিদ্ধান্ত হয়েছে, ২০২৭–এর কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্কের মাঠ চেয়ে গিল্ড ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর কাছে আবেদন করেছে। সেই আবেদন নিয়ে দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছিল গিল্ডকে। সেই দায়িত্ব তারা পালন করছে কি না, সেটাও খতিয়ে দেখছে বইমেলা উপদেষ্টা কমিটি।