• ‘বাই-বাই পাপা...’, বাবার ফোন রেখেই চন্দ্রভাগায় ঝাঁপ জম্মু-কাশ্মীরের তরুণীর
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • ‘এটা আমার জীবন। আমার মন বলছে, আমার এটাই করা উচিত।’

    ‘বাই-বাই পাপা!’

    ফোনে বাবাকে শেষবারের মতো এই কথাগুলিই বলেছিলেন তরুণী। তার পরেই চন্দ্রভাগায় ঝাঁপ! খবর পাওয়া মাত্রই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাহায্য করতে এগিয়ে এসেছিলেন স্থানীয়রাও। কিন্তু বছর একুশের সেই তরুণীর আর খোঁজ মেলেনি।

    শনিবার জম্মু-কাশ্মীরের ডোডা জেলার প্রেমনগরের শিবডাল সেতুতে ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। পথচলতি এক ব্যক্তি ভিডিয়োটি করেছেন। তিনি ওই তরুণীকে বুঝিয়েসুজিয়ে আটকানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

    কী কারণে ওই তরুণী এই সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয় পরিবারের কাছেই। তরুণীর বাবা কৃষ্ণ লাল পুলিশকে জানিয়েছেন, তাঁর মেয়ে দেবী কাছেই একটি মেলায় গিয়েছিলেন। পরে সেখান থেকে তিনি ফোন করে বাবাকে জানান যে, তাঁর শরীর খারাপ করছে। তাই তিনি ডাক্তারের কাছে যাবেন। তার কিছু ক্ষণ পরেই কৃষ্ণের কাছে একটি ফোন আসে। দেবী যে ব্যক্তির সঙ্গে ডাক্তারের কাছে গিয়েছিলেন, তিনি ফোন করেন। সেই সময়েই বাবা শুনতে পান, তাঁর মেয়ে চিৎকার করে বলছেন, ‘কেউ আমার সামনে আসবে না।’

    বাবা জানান, ফোনে তিনি মেয়ের কাছে বার বার কারণ জানার চেষ্টা করেছেন। কিন্তু মেয়ে কিছু বলতেই চাননি। শুধু এটুকুই বলেছেন, ‘এটা আমার জীবন। আমার মন বলছে, আমার এটাই করা উচিত। বাই-বাই পাপা!’ তার পরেই চন্দ্রভাগায় ঝাঁপ দেন মেয়ে।

  • Link to this news (এই সময়)