• বিশ্বভারতীতে হেরিটেজ ওয়াকে ‘ই–টিকিট’, কবে থেকে শুরু বুকিং?
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • ‎এই সময়, শান্তিনিকেতন: দুর্গাপুজোর পর থেকেই বিশ্বভারতী ঘুরে দেখতে ‘হেরিটেজ ওয়াকের’ জন্য অগ্রিম ই-টিকিট বুক করতে পারবেন পর্যটকরা। কমপক্ষে ১৫ দিন আগে থেকে বিশ্বভারতী ক্যাম্পাস, রবীন্দ্রভবন সংগ্রহশালা, রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বাড়ি, কলাভবন সংগ্রহশালা ঘুরতে দেখার জন্য ই-টিকিট বুক করা যাবে৷ এই পাঁচটি বাড়ি হলো: উদয়ন, উদীচী, কোনার্ক, শ্যামলী ও পুনশ্চ। একসঙ্গে কম্বো টিকিট বুক করা যাবে। ২০২৭–এর ১ জানুয়ারি থেকে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শুরু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তিনি বলেন, ‘অনেক দিনের পরিকল্পনা ছিল৷ সেটার বাস্তব রূপ পেতে চলেছে৷ পুজোর আগেই ই-টিকিট চালু করার সিদ্ধান্ত হয়েছিল৷ তা হলো না৷ তবে পুজোর পর থেকে ই-টিকিট চালু হয়ে যাবে৷ আলাদা আলাদা ভাবে টিকিট কাটা যাবে, এক সঙ্গে পাঁচ জায়গার টিকিট কাটা যাবে৷ সব রকম সুবিধা থাকবে৷ আর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ জানুয়ারি থেকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু করে দেওয়ার।’

    বিশ্বভারতীর উপাচার্যকে একটি মামলায় সশরীরে দিল্লিতে গিয়ে হাজিরার কড়া নির্দেশ দিয়েছে জাতীয় তফসিলি জাতি কমিশন। পাশাপাশি, উপাচার্যের সরকারি বাসভবন সংস্কার ও আধুনিকীকরণের জন্য দেড় কোটি টাকার বেশি খরচনিয়েও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ করা হয়েছে। এই দু’টি বিতর্কিত বিষয় নিয়ে এ দিনের সাংবাদিক বৈঠকে সাফাই দেন উপাচার্য। ‎তিনি জানান, উপাচার্যের বাসভবন সংস্কার ও আধুনিকীকরণের পরিকল্পনা সুশান্ত দত্তগুপ্ত উপাচার্য থাকাকালীন নেওয়া হয়েছিল৷ আর আর্থিক অনুমোদন হয়েছে বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন। আর মোট সাড়ে ৪ কোটি টাকা কেন্দ্রীয় পূর্ত বিভাগে জমা রয়েছে। বর্তমানে সেই কাজ হচ্ছে৷ অর্থাৎ, বর্তমান উপাচার্যের সময়কালে বাসভবন সংস্কার ও আধুনিকীকরণের জন্য কোনও অর্থ বরাদ্দ হয়নি৷

    অন্য দিকে, দুর্নীতির অভিযোগ উদ্দেশপ্রণোদিত দাবি করে তিনি বলেন, ‘বাসভবনের অর্থ আমার সময়ে বরাদ্দ নয়৷ আমি মোদিজীর আদর্শে বিশ্বাস করি। খাব না, খেতেও দেবো না। তাই কিছু লোক আমার পিছনে লেগেছে৷ বিশ্বভারতী একটা ভালো জায়গায় যাচ্ছে, এটা মেনে নিতে পারছে না একটা গ্রুপ।’

    ‎ ‎

  • Link to this news (এই সময়)