• মাখা সন্দেশে ছত্রাক! ডেকার্স লেনের মিষ্টির দোকানের গুদামে হানা পুর-আধিকারিকদের, জনস্বাস্থ্যে মস্ত প্রশ্ন
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: মজুত রাখা মাখা সন্দেশে ছত্রাকের সংক্রমণ। সন্দেশের উপরে খালি চোখেই দেখা যাচ্ছে সেই ছাতার স্তর। শনিবার দুপুরে ডেকার্স লেনে হানা দিয়ে এমন সন্দেশই উদ্ধার করলেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের খাদ্যসুরক্ষা আধিকারিকরা। ডেকার্স লেনের ‘স্ট্রিট ফুড’ কলকাতা ও শহরতলির অনেকের কাছেই অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন ভোজনরসিক অফিস কর্মচারীদের ভিড়ে গমগম করে এই রাস্তা। শনিবার সেই ডেকার্স লেনে হানা দিয়ে পুর–আধিকারিকরা একটি মিষ্টির দোকানের গুদাম থেকে উদ্ধার করেন ছাতাভরা মাখা সন্দেশ। দোকানের কয়েক গামলা মিষ্টি রাস্তার পাশে ফেলে দেন।

    কোথাও পাওয়া যায় চপ-কাটলেট, কোথাও ফ্রায়েড রাইস-চিকেন, রোল, চাউমিন, স্যুপ, চপ, কাটলেট। ভাত–রুটি, খিচুড়ির মতো খাবারও মেলে এই রাস্তায়। পাওয়া যায় মিষ্টিও। এ দিন ডেকার্স লেনের প্রতিটি দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করেন পুর–আধিকারিকরা। খাবারের দোকানগুলিতে কী মানের হলুদগুঁড়ো ব্যবহার হচ্ছে, কোনও ব্র্যান্ডের হলেও মেয়াদ উত্তীর্ণ কিনা—খতিয়ে দেখা হয়। পাশাপাশি, কোন খাবারে কী রঙ মেশানো হচ্ছে, তা-ও যাচাই করা হয়। খাবারে ব্যবহারের রঙের নির্দিষ্ট মান রয়েছে। দেখা হয়, সেই মান বজায় থাকছে কি না।

    শুক্রবার পার্ক স্ট্রিট, পার্ক সার্কাসের কিছু দোকানে হানা দিয়েছিলেন পুরসভার খাদ্যসুরক্ষা আধিকারিকরা। শনিবার ডেকার্স লেন, জোড়াবাগান এবং লেক মল এলাকায় ভেজাল খাবারের সন্ধানে তিন দলে ভাগ হয়ে তল্লাশি চালান তাঁরা। সংগ্রহ করা প্রতিটি খাবারের নমুনা কলকাতা পুরসভার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। গত বছর কলকাতা পুরসভার খাদ্যসুরক্ষা আধিকারিকরা শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩৩৬৩টি খাবারের নমুনা সংগ্রহ করেছিলেন। যার মধ্যে ২১৪টি নমুনা ছিল নিম্নমানের।

    শনিবার জোড়াবাগান বাজার থেকে পনির, খোয়াখির–সহ বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করা হয়। লেক মলের আশপাশের দোকান থেকে তরকারি, মাংস, মিষ্টি, মশলার নমুনা সংগ্রহ করা হয়। গত কয়েক দিন ধরেই কলকাতা জুড়ে ভেজাল খাবারের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পুরসভার খাদ্যসুরক্ষা আধিকারিকরা। এর আগে একাধিক দোকান থেকে পচা মাংস, ক্ষতিকারক রঙ মেশানো বিরিয়ানি উদ্ধার করেছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)