• গুলির লড়াইয়ে খতম লস্কর কমান্ডার ইয়াসির
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত  জঙ্গির পরিচয় জানা গেল। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ইয়াসির নামে ওই জঙ্গি আদতে পাকিস্তানের বাসিন্দা। সে লস্কর-ই-তোইবার কমান্ডার। পুলিশ জানিয়েছে, ইয়াসির লস্করের সুলেমান মুসা গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। যদিও গত এক বছর ধরে সে একাই কাজ করত। সংগঠনের সঙ্গে তার কোনো যোগ ছিল না। ২০২৪ সালে পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয়ে হামলা সহ একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল ইয়াসির। শুক্রবার মধ্য কাশ্মীরের ইউসমার্গে তাকে খতম করে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। অপর এক জঙ্গির খোঁজে জঙ্গলের ভিতর শনিবারও তল্লাশি চলে। ১২ হাজার থেকে ১৫ হাজার ফুট উঁচু ওই এলাকায় প্রচুর বোল্ডার ও প্রাকৃতিক গুহা রয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ায় ওই জঙ্গিকে খুঁজে বের করতে দেরি হচ্ছে বলে বাহিনী সূত্রে খবর। তবে পুরো এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। সেনা সূত্রে খবর, ২০২৪ সালে পুঞ্চে বায়ুসেনার কনভয়ে হামলায় এক বায়ুসেনা কর্মীর মৃত্যু হয়। ওই বছরের অক্টোবরে জঙ্গি হামলায় সোনমার্গে এক ডাক্তার সহ সাতজন সাধারণ মানুষের মৃত্যু হয়। ওই হামলার চারদিন পরে গুলমার্গে ফের জঙ্গি হামলায় তিন সেনা সহ পাঁচজন প্রাণ হারান। প্রতিটি হামলাতেই যুক্ত ছিল ইয়াসির। এতদিন সে ইউসমার্গ ও পুলওয়ামা এলাকায় লুকিয়ে থাকত সে। ফের কাশ্মীর উপত্যকায় ঢোকার চেষ্টা করতেই গোপন সূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী। তারপরই শুরু হয় অভিযান।-ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)