• শিক্ষক দিবসে টয় ট্রেনে বসে এআই নির্ভর সমাধানের অভিনব উদ্যোগ ডিএইচআরের
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল শনিবার। শিক্ষক দিবসের দিনেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ঐতিহ্যবাহী খেলনা ট্রেনে বসে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সমাধান তৈরির অভিনব উদ্যোগ নেওয়া হল। ডিএইচআর ও গুগল ডেভেলপার গ্রুপস শিলিগুড়ির যৌথ উদ্যোগে এদিন আয়োজিত হয় ‘কোড ফর কমিউনিটিজ: টয় ট্রেন এডিশন’ নামে অফলাইন হ্যাকাথন।

    কার্শিয়াং স্টেশন থেকে এদিন সকাল ৯ টায় বিশেষ ঐতিহ্যবাহী ট্রেনটির যাত্রার সূচনা করেন ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী। কার্শিয়াং থেকে দার্জিলিং হয়ে ফের কার্শিয়াং পর্যন্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রুটে চলে বিশেষ এই অভিযান। যাত্রাপথেই ঐতিহ্যবাহী ট্রেনের কামরা পরিণত হয় প্রযুক্তি উদ্ভাবনের কর্মশালায়।

    এই হ্যাকাথনে ডেভেলপার, প্রযুক্তি নির্মাতা এবং এআই উৎসাহীরা অংশ নেন। পাহাড়ি পর্যটন সহ পাহাড়ের বিভিন্ন স্থানীয় সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজতে তাঁরা কাজ করেন। এআই মডেল এবং আধুনিক ডেভেলপমেন্ট টুল ব্যবহার করে বিভিন্ন প্রোটোটাইপও তৈরি করা হয়।

    আয়োজকদের দাবি, প্রচলিত কর্মক্ষেত্রের বাইরে থেকেও ইন্টারনেট, আধুনিক এআই প্রযুক্তি ও দক্ষ মানুষের সমন্বয়ে বাস্তব সমস্যার সমাধান তৈরি করা সম্ভব। উনিশ শতকের ঐতিহ্যবাহী রেলপথে একুশ শতকের প্রযুক্তির এই মেলবন্ধনকে পাহাড়ে উদ্ভাবন ও স্থানীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।

    এধরনের উদ্যোগে দেশ-বিদেশে টয় ট্রেনের জনপ্রিয়তা আরও বাড়ার ব্যাপারে আশাবাদী ডিএইচআর কর্তৃপক্ষ।
  • Link to this news (বর্তমান)