• বসিরহাটে তৃণমূল ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ৩০০ নেতা-কর্মীর
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা বসিরহাট: তৃণমূল এবং আইএসএফ ছেড়ে বসিরহাটের তিনশোর মতো নেতা-কর্মী যোগ দিলেন কংগ্রেসে। এর ফলে তৃণমূল ও আইএসএফে ভাঙন ধরেছে। শনিবার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের কলবাড়িতে হয় যোগদান কর্মসূচি। প্রয়াত কংগ্রেস নেতা অসিত মজুমদারের স্মরণে একটি অনুষ্ঠান হয়। সেখানে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম‍্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের নেত্রী পূজা রায়চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বহু নেতা ও কর্মী। এদিন কলবাড়িতে কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধনও হয়েছে। কংগ্রেসে যোগদানকারীদের দাবি, তৃণমূল অস্তিত্ব সংকটে ভুগছে। আর আইএসএফে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাচ্ছে না। তাই তাঁরা কংগ্রেসকে বেছে নিয়েছেন। সীমান্তবর্তী এই এলাকায় একসঙ্গে এতজনের কংগ্রেসে যোগদান ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদানের পর বসিরহাটে দলের সাংগঠনিক শক্তি বাড়ল। ভবিষ্যতে আরও কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মী কংগ্রেসে যোগ দেবেন।
  • Link to this news (বর্তমান)