• লাইনচ্যুত সিকিম মহানন্দা এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে দিল্লি যাওয়ার সময়ে দুর্ঘটনা
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • বিহারে দুর্ঘটনার কবলে পড়ল দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেস। রবিবার সকালে আরা স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। যদিও বড়সড় কোনও বিপদ ঘটেনি। কোনও যাত্রীই জখম হননি বলেই জানা গিয়েছে।

    রেল সূত্রে খবর, আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস রবিবার ভোর সওয়া ৪টে নাগাদ আরা স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। স্টেশন থেকে ট্রেনটি রওনা দেওয়ার পরেই ২০০ মিটার দূরে আপ লাইনে দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয় ট্রেনের ইঞ্জিন এবং আরও দু’টি কামরা।

    প্রাথমিক ভাবে রেলকর্তারা মনে করছেন, ভুল সিগন্যালিংয়ের কারণে ঘটনাটি ঘটে। ট্রেনটি দিল্লির লাইনে না গিয়ে সাসারাম যাওয়ার লাইনে উঠে গিয়ে লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের কর্মী এবং আধিকারিকেরা। তাঁরা লাইনচ্যুত হওয়া কামরাগুলিকে সরানোর কাজ শুরু করেন।

    এই ঘটনায় আরার স্টেশন ম্যানেজার এন রাইকে সাসপেন্ড করা হয়। যদিও তাঁর বক্তব্য, ‘এতে আমার কোনও দোষ নেই। আমার মতে চালকের কোনও গাফিলতি ছিল।’ পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র জানিয়েছেন, এই ঘটনায় কেউ হতাহত হননি। লাইনচ্যুত কামরাগুলিকে সরানো হয়েছে। এই ঘটনায় কারও গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হবে।

  • Link to this news (এই সময়)