নিউ ফরাক্কা স্টেশনের কাছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ শনিবার রাতেই শেষ হয়েছিল। পরে মালগাড়ি চালিয়ে লাইন পরীক্ষাও করা হয়। তার পরে রবিবার সকাল থেকে শুরু হলো ট্রেন চলাচল। ওই লাইন দিয়েই চালানো হলো বন্দে ভারত এক্সপ্রেস।
তবে প্রশ্ন উঠছে, রবিবার সারা দিন নির্ধারিত সময় অনুযায়ীই ট্রেন চলবে ওই লাইন দিয়ে? উত্তরবঙ্গে যাওয়ার দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস-সহ রাতের সমস্ত ট্রেনও চলবে স্বাভাবিক নিয়মে? পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এই সময় অনলাইন-কে বলেন, ‘রাতের সব ট্রেনেই সময় মতো চলবে। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা— সব ট্রেনই ওই লাইন দিয়ে পাস করবে।’
বৃহস্পতিবার গভীর রাতে নিউ ফরাক্কা স্টেশন থেকে ১০০ মিটার দূরে আপ লাইনে ধস নামে। ২০ মিটার অংশে রেল লাইনের তলা থেকে মাটি প্রায় চার ফুট বসে যায়। পাথরকুচি দিয়েও তা বন্ধ করা যায়নি। এমনকী, পরে ধসের গভীরতা বেড়ে যায়। লম্বায় তা ৮০ মিটার ছাড়িয়ে যায়। তার ফলে এত দীর্ঘ সময় লেগেছে তা ভরাট করতে। শেষমেশ শনিবার রাতের দিকে লাইন মেরামতির কাজ শেষ করে রেল। প্রথমে ইঞ্জিন, পরে মালগাড়ি চালিয়ে লাইন পরীক্ষা করা হয়।
রবিবার সকালে প্রথমে কলকাতার দিক থেকে আসা একটি মালগাড়ি সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ নিউ ফরাক্কা স্টেশনের সেই আপ লাইন দিয়ে চালানো হয়। সেটি বিহারের পূর্ণিয়ার দিকে গিয়েছে। তার পরে চালানো হয় বন্দে ভারত এক্সপ্রেস।
শনিবার ক্ষতিগ্রস্ত রেললাইন সারানো হলেও শিয়ালদহ থেকে রওনা দেওয়া উত্তরবঙ্গমুখী কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এবং গৌড় এক্সপ্রেসকে নির্ধারিত পথের পরিবর্তে কাটোয়া-আজিমগঞ্জ শাখা দিয়ে চালানো হয়। কিন্তু রবিবার এই ট্রেনগুলি নির্ধারিত পথেই চলবে বলে জানালেন সিপিআরও।