ছোট ছবির বড় উৎসবের সপ্তম সংস্করণ ইন্টারন্যাশনাল কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যাল
এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
দৈর্ঘ্যে ছোট, তবে বার্তা বড়। শর্টফিল্মকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার আয়োজন গত ছ’বছর ধরে হচ্ছে শহরে। এ বার সেই ইন্টারন্যাশনাল কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যালের (আইকেএসএফএফ)-এর সপ্তম সংস্করণ। আগামী ২০২৭-এর ১৮ থেকে ২৪ জানুয়ারি, টানা সাতদিন ধরে আয়োজিত হতে চলেছে কলকাতার এই পরিচিত চলচ্চিত্র উৎসব। যে আয়োজনে প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকছে ‘এই সময়’।
আইকেএসএফএফ-এর সপ্তম সংস্করণের জন্য ইতিমধ্যে ২৮টি দেশের ৩০০-র বেশি ছবি জমা পড়েছে। বিভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির নানা গল্পে উঠে এসেছে। সামাজিক পরিস্থিতি, মানবিক সম্পর্ক, স্বপ্ন, সংগ্রাম এবং সমকালীন বিশ্বের নানা প্রশ্ন উঠে আসে যে শর্টফিল্মগুলোতে। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়েছিল সিনেমার সাবমিশন পর্ব। আর্লি বার্ড ও রেগুলার ক্যাটেগরিতে ছবি জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে গেলেও এই মুহূর্তে লেট সাবমিশন চলছে বলেই জানিয়েছেন আয়োজকরা।
শর্ট ফিল্মের পাশাপাশি লং শর্ট ফিল্ম, শর্ট ডকুমেন্টারি, এনভায়রনমেন্টাল ফিল্ম, অ্যানিমেশন শর্ট ফিল্ম, এআই শর্ট ফিল্ম, মিউজ়িক ভিডিয়ো, অ্যাডভারটাইজ়মেন্ট অ্যান্ড কমার্শিয়াল ক্যাটাগরিতে ছবি জমা দেওয়ার প্রক্রিয়া জারি রয়েছে। উৎসবকে আগের থেকে আরও বড় আকারে নিয়ে গিয়ে প্রায় ৪০টির বেশি অ্যাওয়ার্ড ক্যাটাগরি রাখা হচ্ছে সপ্তম সংস্করণে। সাত দিনের সিনেমা উৎসবের পাশপাশি সেমিনার, মাস্টারক্লাস, প্যানেল ডিসকাশন, ওয়ার্কশপ, সিনেব্রিজ ২-এর মতো বিষয়ও থাকবে। ছোট ছবির নির্মাতাদের সঙ্গে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং আরও নানা চলচ্চিত্র শিল্পের অংশীদারদের যোগাযোগ স্থাপনের মাধ্যম হতে চলেছে সিনেব্রিজ ২। মূল উৎসবের পাশাপাশি সর্বোচ্চ পাঁচ মিনিটে মিনি ফিল্ম কনটেস্ট এবং নন কম্পিটিটিভ জ়োনও থাকবে, যেখানে দর্শকদের সঙ্গে সিনেমা নির্মাতারা সরাসরি মত আদানপ্রদানের সুযোগ পাবেন।
ইন্টারন্যাশনাল কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর কথায়, ‘আমরা চাই আইকেএসএফএফ শুধু একটি সিনেমা প্রদর্শনের উৎসব না হয়ে থেকে চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম হয়ে উঠুক। যেখানে নতুন চিন্তা ভাবনা, আন্তর্জাতিক সহযোগিতা, শেখার সুযোগ এবং সৃজনশীল বিনিময় সমান গুরুত্ব পায়।’ আর আইকেএসএফএফ ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী বলেছেন, ‘ভালো সিনেমার পাশে থাকা এবং নতুন নির্মাতাদের জন্য একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের বরাবরের লক্ষ্য।’
শেষপর্বের সাবমিশন চালু থাকলেও এখনও পর্যন্ত যে সমস্ত শর্টফিল্ম জমা পড়েছে তা বেশ নজরকাড়া। দারিদ্রের গল্প বলবে ‘দ্য ওয়ান হু প্লে’। ‘মোকি’-তে রয়েছে ভারতের প্রত্যন্ত আদিবাসী অঞ্চলের এক নারীর শিক্ষা ও স্বাধীনতার লড়াই। এ ছাড়া বিদীপ্তা চক্রবর্তী অভিনীত ‘দ্য লাস্ট ভয়েজ়’, অমিত সাহা অভিনীত ‘আয়না’, রুমকি চট্টোপাধ্যায় অভিনীত ‘অধিকার’ এবং বিপিন শর্মা অভিনীত ‘কামাঠিপুরা এক্সপ্রেস’ উল্লেখযোগ্য। লং শর্ট ফিল্ম বিভাগে রয়েছে ইউএস-এর ‘দ্য নাইটমেয়ার’, অভিনয়ে লোকনাথ দে, সৌম্য বন্দ্যোপাধ্যায় ও চান্দ্রেয়ী ঘোষ। মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে পরিচালক সৌম্য মৈত্রের তৈরি শর্টফিল্ম ‘পমফ্রেট’-ও থাকছে। যেখানে অভিনয় করেছেন দেবলীনা কুমার ও বিশ্বাবসু বিশ্বাস।