• প্রয়াত অভিনেতা, নাট্যকার পঙ্কজ মুন্সী
    আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • ফের দুঃসংবাদ টলিপাড়ায়। না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার পঙ্কজ মুন্সী। জানা যাচ্ছে, কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের এক হাসপাতালেও। তবে শেষরক্ষা হল না। তাঁর মৃত্যুর খবর জানিয়ে আজকাল ডট ইন-কে পরিচালক সৌরভ পালোধি বলেন, রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আনা হবে তাঁর মৃতদেহ। সেখানেই তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

    মূলত স্বাধীন ও বিকল্প ধারার নাট্য আন্দোলনের (Alternative Theatre) সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। তিনি প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের ধারার নাটক এবং মুক্তমঞ্চের পরিবেশনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মঞ্চের পাশাপাশি তিনি চলচ্চিত্র ও অন্যান্য মাধ্যমেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে পরিচালক অশোক বিশ্বনাথনের প্রশংসিত তথ্যচিত্র 'বাদল সরকার অ্যান্ড দ্য অল্টারনেটিভ থিয়েটার' (Badal Sircar & the Alternative Theatre)-এ তাঁর অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কাজে তিনি বিকল্প থিয়েটারের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকগুলোকে ফুটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন নাট্য প্রযোজনা ও বাংলা ছবিতে অভিনয় করে তিনি পরিচিতি তৈরি করেছিলেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হল, 'মহিষাসুরমর্দিনী', "শজারুর কাঁটা'।

    প্রসঙ্গত, তাঁর সহধর্মিণী তপতী মুন্সীও নাটক ও অভিনয়ের সঙ্গে যুক্ত। তাঁকেও দর্শক বিভিন্ন নাট, ছবি ও ধারাবাহিকে দেখেছেন। পঙ্কজ মুন্সীর প্রয়াণে তাই শোকের ছায়া নেমে এসেছে বাংলার বিনোদন জগতে।
  • Link to this news (আজকাল)