• বৈভব সূর্যবংশীর এই এক 'রোগ' আর সারছে না! গোটা স্টেডিয়ামে থিকথিকে ভিড়, তার মাঝে এত বড় ভুল
    News18 বাংলা | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা : রবিবার থেকে এম চিদম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছে দিলীপ ট্রফি ফাইনাল ম্যাচ। ‘সুপার কিড’ বৈভব সূর্যবংশীকে দেখতে যেন পুরো চেন্নাই এসে হাজির স্টেডিয়ামে।

    ইস্ট জোন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে স্টেডিয়ামে দর্শকের ভিড় ক্রমশ বাড়তে থাকে। সূর্যবংশীও উপস্থিত ভক্তদের হতাশ করেননি। ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজের ওভারে ওভার-বাউন্ডারিসহ বেশ কয়েকটি দেখার মতো শট মারতেই স্টেডিয়ামের উত্তেজনার পারদ অন্য মাত্রায় পৌঁছে যায়।

    এদিন দর্শকরা বৈভবের কাছে একটি বড় ইনিংসের আশা করছিলেন, ঠিক তখনই উইকেটে থিতু হয়েও আউট হয়ে মাঠ ছাড়ে বৈভব। চলতি টুর্নামেন্টে এমনটা তৃতীয়বার ঘটল। বৈভব সেঞ্চুরি বা হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে আউট হয়ে আসছে গত কয়েকটি ইনিংসে। কোনও ভাল ডেলিভারি নয়, বরং মিডিয়াম পেসার চামা মিলিন্দের একটি সাধারণ বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরে বৈভব।

    মিলিন্দ যে বলে বৈভবকে আউট করেন, সেটির গতি ছিল ১২৯ কিমি/ঘণ্টা। তবে গতির চেয়ে কৌশলকে বেশি প্রাধান্য দিয়েছিলেন মিলিন্দ। তিনি ঠিক সেই বলটিই করেছিলেন, যা ইদানিং বৈভবের দুর্বলতার জায়গা হয়ে উঠেছে। মিলিন্দ অফ-স্টাম্পের বাইরে শর্ট-পিচ বল ফেলেন। বৈভব অভ্যাসগতভাবেই তা পুল করার চেষ্টা করেন।

    শর্ট বলে বারবার বৈভবের দুর্বলতা ধরা পড়ে যাচ্ছে

    সাউথ জোনের বোলাররা সকাল থেকেই বৈভবকে এই ধরনের ডেলিভারির ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন। বল ব্যাটে ঠিকমতো সংযোগ হয়নি, বল চলে যায় শূন্যে এবং বাউন্ডারি লাইনে থাকা ফিল্ডার ত্যাগরাজন ডিপ মিড-উইকেট থেকে ছুটে এসে সহজ ক্যাচ লুফে নেন। বৈভব আবারও ভুল সময়ে ভুল শট খেলে আউট হয়ে যায়।

    বড় সুযোগ হাতছাড়া করছেন বৈভব

    বৈভবের জন্য দলীপ ট্রফিতে বড় রান করে নির্বাচকদের এই বার্তা দেওয়ার সুযোগ ছিল। লাল বলের টেস্ট ক্রিকেটের জন্য সে প্রস্তুত কি না, তা দেখানোর সুযোগ ছিল। বৈভব কিছু দারুণ ইনিংস খেলেছে, যেগুলোর প্রভাব সাদা বলের ক্রিকেটের মতোই বিধ্বংসী ছিল। তবে নতুন বলে ইনিংসের প্রথম আধঘণ্টা কাটানোর পর বৈভবের সাধারণ বলে আউট হওয়ার প্রবণতা বারবার দেখা যাচ্ছে।

    দলীপ ট্রফির পারফরম্যান্স দিয়ে বৈভব এটা তো প্রমাণ করেই দিয়েছে যে সে লাল বলের ক্রিকেটেও সমান দক্ষ ব্যাটার। তবে এই টেকনিক্যাল খামতিগুলো শুধরে নেওয়ার পাশাপাশি তাকে এবার লম্বা ইনিংস খেলার মানসিকতা ও ক্ষমতা দেখাতে হবে।
  • Link to this news (News18 বাংলা)