• ‘আলিয়া’র বিরিয়ানির মাটনেও ফাঙ্গাস? ফুড সেফটি অফিসারদের অভিযানে সানডে-তে হইচই
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতায় বিরিয়ানির প্রসিদ্ধ দোকান নিউ আলিয়া হোটেলে অভিযান চালাল পুরসভার আধিকারিকেরা। অভিযোগ, সেই অভিযানের সময়ে দোকানে মজুত খাসির মাংসে ফাঙ্গাস ধরা পড়েছে। শুধু তা-ই নয়, খাবার ব্যবহৃত জিনিসও মেয়াদ-উত্তীর্ণ বলে অভিযোগ উঠেছে।

    যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হোটেল কর্তৃপক্ষ। ম্যানেজার মহম্মদ শামিম এই সময় অনলাইন-কে বলেন, ‘সবে দোকান খোলা হয়েছিল। মাংস ফ্রাই করে রাখা হয়েছিল বিরিয়ানির জন্য। সেই সময়ে পুরসভার লোকেরা হানা দেন। ফ্রাই করা মাংস দেখে বলছে যে, ফাঙ্গাস রয়েছে! এ রকম কোনও ব্যাপারই নয়। এই মাংস একেবারে নতুন কেনা। গোলাপ জল দেখে বলছে মেয়াদ-উত্তীর্ণ। এটাও সত্যি নয়।’ শামিম জানান, তাঁকে নোটিস দেওয়া হয়েছে। সোমবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে।

    শনিবার ডেকার্স লেনের বেশ কয়েকটি রেস্তোরাঁয় হানা দিয়েছিলেন ফুড সেফটি অফিসারেরা। রবিবারেও সেই অভিযান অব্যাহত। শুধু ‘আলিয়া’ই নয়, শহরের আরও বেশ কয়েকটি রেস্তোরাঁতেও অভিযান চলে। হানা দেওয়া হয় শহরের বিভিন্ন শপিং মলের ফুড কোর্টেও। তার মধ্যে রয়েছে সাউথ সিটি, হাইল্যান্ড পার্ক এবং অ্যাক্রোপলিস। অভিযোগ, সেখানের বিভিন্ন দোকানেও খাবার অযোগ্য জিনিস পাওয়া গিয়েছে। যারা স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করছে না, তাদের নোটিস ধরিয়ে সতর্ক করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)