পর্যটক পেটানোর ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল মন্দারমণি থানার পুলিশ। পার্কিং নিয়ে ঝামেলার জেরে শনিবার বজবজের একটি পরিবারকে বেধড়ক মারধর করা হয়। বৃদ্ধ, মহিলা, শিশু— হোটেল কর্মীদের হাত থেকে রক্ষা পাননি কেউই। ঘটনার যে ভিডিয়ো সামনে এসেছে (যদিও ফুটেজের সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি) তা শিউরে ওঠার মতো। এক বৃদ্ধকে রুল দিয়ে মেরে চলেছেন নিরাপত্তা কর্মী। মাটিতে পড়ে গিয়েছেন এক মহিলা।
এই ঘটনায় হোটেলের ম্যানেজার নদিয়ার বাদকুল্লার বাসিন্দা ভাস্কর বিশ্বাস (৩৫ বছর) ও সিকিউরিটি গার্ড উত্তর ২৪ পরগনার বাসিন্দা সুব্রত ঘোষ (৪৫ বছর)কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।
শনিবার বজবজের বাসিন্দা মহম্মদ আসিফ পরিবার নিয়ে মন্দারমণি বেড়াতে যান। সেখানে একটি হোটেলের পার্কিং জ়োনে গাড়ি রেখে রুম দেখতে যাওয়ার কথা ছিল আসিফদের। সেই সময়েই বচসার সূত্রপাত।
অভিযোগ, ওই পরিবারকে ঘিরে ফেলেন হোটেলের কর্মীরা (news in bengali)। এর পরেই ধাক্কাধাক্কি, থাপ্পড়, এমনকী লাঠি দিয়েও বেধড়ক মারধর করা হয়। রাতেই মন্দারমণি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।