‘বাই বাই পাপা, এটাই সঠিক পথ’, নদীতে ঝাঁপের আগে বাবাকে শেষ বার্তা তরুণীর!
প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘বাই বাই পাপা’, ব্যাস! এই টুকুই! তারপরই চেনাব নদীতে ঝাঁপ তরুণীর। মুহূর্তে সব শেষ। উদ্ধার কার্যে নেমেছে পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি তরুণীর। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের ডোডা জেলায়। তরুণী কেন এই কাণ্ড ঘটালেন তা নিয়ে সন্দিহান পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম পায়েল দেবী। তিনি নদীতে ঝাঁপ দেওয়ার আগে, বাবাকে ফোন করেন। তিনি বলেন, “আমার মন এই রাস্তাতেই যেতে বলছে। বাই বাই পাপা।’ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তরুণী নদীর ধারে দাঁড়িয়ে যখন বাবাকে ফোন করছিলেন। সেই সময় এক পথচারী বিষয়টি লক্ষ্য করেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, তরুণীকে নদীর ধার থেকে সরে আসতে বলেন তিনি। সেই সময় তরুণীকে বলতে শোনা যায়, “আমার থেকে দূরে থাকুন।” তারপরই বাবার সঙ্গে কথা বলার পরই ঝাঁপ।
তরুণীর বাবা জানিয়েছেন, তরুণী স্থানীয় একটি মেলায় গিয়েছিলেন। তারপর অসুস্থ বোধ করেন। বাবাকে সে কথা জানিয়ে, চিকিৎসকের কাছে গিয়েছিলেন। কিন্তু ডাক্তারকে না পেয়ে কয়েকবার ফিরে যান। তারপরই তিনি বাবাকে ফোন করেন। শেষে ঝাঁপ। বাবা জানিয়েছেন, মেয়ে তাঁকে বলেন, “বাবাকে আমাকে জোর করো না। এটা আমার জীবন। আমার মন বলছে এটাই সঠিক পথ। বাই বাই পাপা।”